২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাস-ট্রেনের টিকেট নেই

বাস ও ট্রেনের টিকেট না পেয়ে ঈদে সিলেট থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2011, 02:15 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

মঞ্জুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিলেট, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস ও ট্রেনের টিকেট না পেয়ে ঈদে সিলেট থেকে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে চট্টগ্রামগামী যাত্রীরা। সীমিত সংখ্যক বাস সার্ভিস এবং ট্রেনের টিকেট স্বল্পতার কারণে অনেকেই বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় রয়েছে। ঈদ পর্যন্ত চট্টগ্রামগামী বাস ও ট্রেনের সব টিকেট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ট্রেন ও সংশ্লিষ্ট বাস সার্ভিস কর্তৃপক্ষ। সিলেট থেকে চট্টগ্রামে পর্যাপ্ত বাস সার্ভিস না থাকা এবং বেশি দূরত্বের কারণে যাত্রীরা ট্রেনের উপরই বেশি নির্ভরশীল থাকে। সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক সাইয়েদুর রহমান জানান, মহাসড়কের খারাপ অবস্থা, যানজট ও দুর্ঘটনার কারণে ট্রেনে ভ্রমণ করতেই যাত্রীরা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেনের সংখ্যা না বাড়ায় যাত্রীদের চাহিদা অনুযায়ী টিকেট দেওয়া সম্ভব হচ্ছে না, বলেন তিনি। সাইয়েদুর রহমান আরো জানান, সিলেট থেকে প্রতিদিন আন্তঃনগর দুইটি করে ট্রেন চট্টগ্রাম ও ঢাকায় যাতায়াত করে। চট্টগ্রামে আসা-যাওয়া করে পাহাড়িকা ও উদয়ন এবং ঢাকায় পারাবত, উপবন ও জয়ন্তিকার মধ্যে দু'টি। এবার ঈদে এ দুই রুটে অতিরিক্ত ট্রেন যুক্ত করা হয়নি। তবে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে একটি অতিরিক্ত বগি সংযোজন করা হয়েছে। এছাড়া ঢাকাগামী উপবন, জয়ন্তিকা এবং চট্টগ্রামগামী উদয়ন ও পাহাড়িকা ট্রেনের প্রায় সব টিকেট বিক্রি হয়ে গেছে, বলেন এই রেল কর্মকর্তা। এদিকে বাসের টিকেট কাটতে গিয়েও বিড়ম্বনার শেষ নেই যাত্রীদের। বিভিন্ন বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ঢাকাগামী কিছু বাসের টিকেট পাওয়া গেলেও চট্টগ্রামের কোনো টিকেট নেই। সিলেটের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত চট্টগ্রামের বাসিন্দা কে এম সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য ৫ নভেম্বরের টিকেট কাটতে তিনি বাস কাউন্টারে যান। সেখানে টিকেট না পেয়ে যান রেল স্টেশনে। সেখানেও টিকেট পাননি। সিলেট থেকে চট্রগ্রামগামী বাস স্টার লাইন সার্ভিসের দরগা গেট কাউন্টারের পরিচালক কামাল আহমদ জানান, চট্টগ্রামের উদ্দেশে প্রতিদিন তিনটি বাস ছেড়ে যায়। ঈদের দিন পর্যন্ত তাদের সবক'টি বাসের টিকেট বিক্রি হয়ে গেছে। গ্রীন লাইন পরিবহনের সিলেটের মহাব্যবস্থাপক বদিয়ার রহমান জানান, প্রতিদিন রাত ১০টায় তাদের একটি বাস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। ঈদ পর্যন্ত সব টিকেট বিক্রি হয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০০০ ঘ.