গাইবান্ধা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার এক মহিলা কাউন্সিলরের থাপ্পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক পুরুষ কাউন্সিলর।
মহিলা কাউন্সিলর মাজেদা বেগম বলেছেন, ভিজিএফ কার্ডধারীদের তালিকা তাকে না দেওয়ায় তিনি অন্য কাউন্সিলর নূর আলমকে থাপ্পড় মেরেছেন।
বৃহস্পতিবার দুপুরে ঈদ-উল-আজহা উপলক্ষে বিশেষ ভিজিএফ এর চাল বিতরণের সময় দুই কাউন্সিলরের মধ্যে বদানুবাদের এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে পৌরসভার প্যানেল মেয়র লুৎফর রহমান মুক্তা সাংবাদিকদের জানিয়েছেন।
নূর আলমকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কেন্দ্রের চিকিৎসক মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নূর আলমকে উচ্চ রক্তচাপের চিকিৎসা দেওয়া হয়েছে।"
লুৎফর বলেন, "সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজ মাঠে দুপুরে ভিজিএফ'র চাল বিতরণ করা হয়। এ সময় নামের তালিকা নিয়ে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মাজেদা এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর আলমের তর্কাতর্কি হয়। মাজেদা এক পর্যায়ে নূর আলমকে থাপ্পড় মারলে তিনি মাটিতে পড়ে যান।"
মাজেদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর আলম তার হাত থেকে ভিজিএফ এর তালিকা জোর করে ছিনিয়ে নিলে তিনি তাকে থাপ্পড় মারেন।
নূর আলম বলেন, কাউন্সিলর মাজেদাই তার হাত থেকে ভিজিএফ এর তালিকা কেড়ে নিয়ে তাকে থাপ্পড় মারেন।
পৌর মেয়র মো. নুরুন্নবী প্রামানিক এ ঘটনাকে অনাকাক্সিক্ষত মন্তব্য করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/২১৩৩ ঘ.
bdnews24