নরসিংদী, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশে পৌরসভাগুলোর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
ভিন্ন ভিন্ন কর্মসূচিতে সবাই এ হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।
নরসিংদী পৌরসভার মেয়র লোকমান গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তিনি নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
লোকমান হত্যাকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে নরসিংদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা স্বাধীনতা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে।
এতে পৌর কাউন্সিলররা ছাড়াও কয়েক হাজার মানুষ যোগ দেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের সময় সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারের কাছে দাবি জানান।
দেশের তিন শতাধিক পৌরসভার অধিকাংশটিতেই লোকমান হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-সমাবেশ হয়। অনেক পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। নোয়াখালীসহ কয়েকটি পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীরা এক ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
নরসিংদীর লোকমান দুই বার দেশের শ্রেষ্ঠ পৌর মেয়র নির্বাচিত হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৮২০ ঘ.
bdnews24