ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী বিচার কার্যক্রমে সরকারের নেওয়া পদক্ষেপে পুরোপুরি সন্তুষ্ট নয় সেক্টর কমান্ডার্স ফোরাম। এর গতি আরো বাড়ানো প্রয়োজন বলে সরকারকে জানিয়েছে তারা।
ফোরামের চেয়ারম্যান এ কে খন্দকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করে বিচার প্রক্রিয়া নিয়ে তাদের অসন্তোষের কথা জানান। মুহিত মানবতাবিরোধী বিচার সংক্রান্ত পর্যালোচনা কমিটির প্রধান।
অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বর্তমান সরকার যে সব পদক্ষেপ নিয়েছে তাতে সেক্টর কমান্ডার্স ফোরাম পুরোপুরি সন্তুষ্ট নয়। তারা এ বিচার কার্যক্রম আরো জোরদারের দাবি জানিয়েছে।"
ফোরাম নেতা, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, "আমরা চাই, বিচার কার্যক্রম আরো জোরদার হোক। যুদ্ধাপরাধীদের বিচার জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমরা (ফোরাম) এ বিচারের জন্য অনবরত কাজ করে যাচ্ছি।"
অর্থমন্ত্রী বলেন, "আমরা (সরকার) বিচার কার্যক্রম শুরু করেছি। যে কয়জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে, তা দ্রুত সম্পন্ন হবে বলে আশা করছি।"
এ কে খন্দকার বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমরা (ফোরাম) ছয় বছর সারা দেশে সভা-সমাবেশ করেছি। এ কথা ঠিক যে সরকার বিচার কার্যক্রম সম্পন্ন করতে আগ্রহী। তবে আমরা চাই, যত দ্রুত সম্ভব বিচার কার্যক্রম সম্পন্ন হোক।"
গোলাম আযমকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাওয়া হলে মুহিত বলেন, "তার বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে।"
মুহিত বলেন, "অনেক লোক যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। বিচার কার্যক্রম ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে। অনেক যুদ্ধাপরাধী ভুয়া সার্টিফিকেট ম্যানেজ করে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে।"
৩ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ
সেক্টর কমান্ডার্স ফোরাম আগামী ৩ ডিসেম্বর ঢাকায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ ডেকেছে। তা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
ওই সমাবেশ আয়োজন নিয়ে সেক্টর কমান্ডার্স ফোরাম অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশিদেরও সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এ কে খন্দকার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৬২৬ ঘ.
bdnews24