২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধ বিচার এ আমলেই শেষ হবে: মুহিত

যুদ্ধাপরাধের অভিযোগে যে কয়জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে তাদের বিচার এ সরকারের আমলেই শেষ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে যে কয়জনের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে তাদের বিচার এ সরকারের আমলেই শেষ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সমন্বয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, "বৈঠকে বিচার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা একটি লক্ষ্য নিয়ে এগোচ্ছি, কোনো সমস্যা হবে না।" বিচার কার্যক্রম শেষ হতে কতো দিন লাগবে- এ প্রশ্নের উত্তরে মুহিত বলেন, "পুরো বিচার কার্যক্রম শেষ হতে কতদিন লাগবে এটা বলা যায় না। যাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে তাদের বিচার বর্তমান সরকারের আমলেই শেষ হবে বলে আশা করছি।" এ প্রসঙ্গে তিনি বলেন, "অনেক দেশে এ ধরনের বিচার কার্যক্রম শেষ হতে ৪০ বছরও লেগে গেছে।" একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপির সাতজন নেতা আটক রয়েছে। এরা হলেন- জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬া এবং বিএনপি নেতাকে সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম। সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে এবং আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। জামায়াতের আটক বাকি চারনেতার তদন্ত প্রতিবেদন আগামী ৫ ডিসেম্বর জমা দিতে মঙ্গলবার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। যুদ্ধপরাধ মামলায় সাঈদীর সাক্ষ্য গ্রহণ আগামী ২০ ডিসেম্বর শুরু হবে বলে বুধবার জানান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। "এছাড়া একই মামলায় জামায়াতের অন্য দুই নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র আগামী ৫ ডিসেম্বর দেওয়া হবে।" বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, "সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে। সবকিছু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাড়াহুড়োর কিছু নেই।" এছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২২১৭ ঘ.