২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টাকা ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার দুই

চট্টগ্রামে পুরনো ও নতুন টাকা বদলের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে পুরনো ও নতুন টাকা বদলের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুজিবুল হক (৫৫) নামে ওই ব্যক্তিকে নগরীর পুরাতন গির্জা এলাকায় একটি হোটেলে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার অভিযোগে হোটেল কর্মচারী জাহাঙ্গীর (২০) ও তার চাচাত ভাই মাহবুবকে (২৪) বুধবার সকাল ১০টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের কক্ষে তার ব্যাগ থেকে এক লাখ ৭৩ হাজার ৮৬১ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে। তারা ব্রাহ্মণবাড়িয়ার মীর্জাপুর গ্রামের বাসিন্দা। নিহত মুজিবুল হক ফেনীর দাগণভুঁইয়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি নগরীর পুরাতন গির্জা এলাকায় হোটেলে সম্রাটে একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। মুজিবুল নগরীর পরীর পাহাড় এলাকায় চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশপথে পুরাতন ও নতুন টাকা কেনা-বেচার ব্যবসা করতেন। নগরীর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ভবনের টাকা ব্যবসায়ীরা থানায় খবর দিলে সকাল ১০টার দিকে সেখানে যান তিনি। এ সময় কক্ষের ভেতর খাটের ওপর থেকে মুজিবুল হকের লাশ উদ্ধার করা হয়। "এরপর কক্ষটিতে আলামত খুঁজতে গিয়ে খাটের তলায় মাহবুবকে দেখতে পাই।" যোগ করেন এসআই। তিনি বলেন, পরে মাহবুবকে জিজ্ঞাসাবাদ করে হোটেল কর্মচারী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। দু'জনই স্বীকার করেছে তারা মুজিবুলের কাছে থাকা টাকার লোভে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। সকাল ৮টার দিকে হোটেল কর্তৃপক্ষ আদালত পাড়ায় টাকা বিক্রেতাদের একজনকে খবর দেয়। গ্রেপ্তারকৃত হোটেল কর্মচারী জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরশু দিন মাহবুব আমাকে ফোন দিয়ে শহরে কোনো কাজ আছে কি না জানতে চায়। তাকে শহরে আসতে বললে সে গতকাল (মঙ্গলবার) রাতে হোটেলে আসে।" "আগে থেকেই জানতাম মুজিবুল হক টাকার ব্যবসা করেন এবং তার কাছে অনেক টাকা থাকে।" রাত ২টার দিকে মুজিবুলের হোটেল কক্ষে জাহাঙ্গীর দরজা নক করলে তিনি দরজা খুলে দেন বলে জানান জাহাঙ্গীর। তিনি বলেন, "এ সময় আমরা দু'জন কক্ষে ঢুকে তাকে চেপে ধরি। তিনি ধস্তাধস্তি করলে আমরা দু'জনই তার গলা চেপে ধরি।" হত্যার পরও কেন টাকা নিয়ে পালিয়ে গেলেন না? জাহাঙ্গীর ও মাহবুব বলেন, মুজিবুল যে মরে যাবের তা তারা বুঝতে পারেননি। পরে খারাপ লাগায় তারা আর টাকা নেননি। টাকা বিক্রেতাদের সমিতি 'অগ্রযাত্রা বহুমূখী পেশাদার সমবায় সমিতি'র সভাপতি নুরুল ইসলাম বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে মুজিবুল আদালত ভবন এলাকায় টাকা বিক্রি করেন। ঘর ভাড়া বেশি হওয়ায় গত চার-পাঁচ বছল যাবৎ হোটেলের ওই কক্ষটি ভাড়া নিয়ে থাকতেন তিনি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৭৫৫ ঘ.