২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: নরসিংদীতে ট্রেনে আগুন

পৌর মেয়র লোকমান হোসেনকে হত্যার প্রতিবাদে নরসিংদীতে আন্তঃনগর এগারোসিন্দুরের ছয়টি বগি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 05:02 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

বেনজির আহমেদ বেনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নরসিংদী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন হত্যার প্রতিবাদে ছাত্রলীগের হরতাল চলাকালে আন্তঃনগর এগারোসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। নরসিংদী রেল স্টেশনের মাস্টার মরণ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী ট্রেনটি শহরের চিনিশপুর পৌঁছানোর পর বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়। এতে ছয়টি বগি পুড়ে গেছে।" তিনি জানান, বগি থেকে বের হতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হন। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষুব্ধরা র‌্যাবের গাড়ির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের সদর রোডের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন লোকমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাতে নরসিংদী সার্কিট হাউস এবং রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে। বুধবার সকালে ট্রেন চলাচল আবার শুরু হলেও এগারোসিন্দুরে আগুন দেওয়ার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কিশোরগঞ্জ ও ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ আবার বন্ধ হয়ে যায়। নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমানকে হত্যার প্রতিবাদে রাতেই ৭২ ঘণ্টার হরতাল ডাকে জেলা ছাত্রলীগ। নরসিংদী শহরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সকাল থেকে বন্ধ রয়েছে। রিকশা ছাড়া শহরে অন্য কোনো যানবাহনও চলছে না। হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সকালে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সকাল থেকে হরতাল কর্মসূচি শুরু হলেও লোকমানের জানাজা ও দাফনের বিষয়টি মাথায় রেখে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি শিথিলভাবে পালিত হবে।" বিকাল ৫টায় নরসিংদী স্টেডিয়ামে লোকমান হোসেনের জানাজা হওয়ার কথা। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে লোকমানের মরদেহ নরসিংদীতে নিয়ে আসা হলে তাকে দেখতে হাজারো মানুষের ঢল নামে। ফলে লোকমানদের বাড়িতে এক এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এদিকে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এমএইচ নুরুজ্জামান, র‌্যাব ১১ এর অতিরিক্ত ডিআইজি লে. কর্নেল মোস্তফা কামাল রাতেই নরসিংদীতে আসেন। নরসিংদীর পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূঁইয়া বলেন, "আশেপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যাক পুলিশ, র‌্যাব সদস্যকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নরসিংদী শহরে মোতায়েন করা হয়েছে।" হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। লোকমান হোসেন নিহত হওয়ার পর মঙ্গলবার রাত ৩টার দিকে নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও দলটির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে নরসিংদী পুলিশ নিয়ে গেছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৬১৫ ঘ.