২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর মেয়র নিহত, ছাত্রলীগের হরতাল

মুখোশধারীদের গুলিতে নরসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন নিহত হওয়ার পর সেখানে ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 04:21 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- মুখোশধারীদের গুলিতে নরসিংদী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন নিহত হওয়ার পর সেখানে বুধবার সকাল থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা ছাত্রলীগ। লোকমানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা নরসিংদী সার্কিট হাউজে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং ঢাকা-সিলেট মহাসড়ক রেলপথ অবরোধ করে। এক পর্যায়ে গভীর রাতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। জনতা রাত সাড়ে ১১টার পর নরসিংদী রেলস্টেশনে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সেখানকার স্টেশন মাস্টার মরণচন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্টেশনের রেডিও কক্ষ, টিকেট কক্ষসহ ১২টি কক্ষে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।" অগ্নিসংযোগের পর র‌্যাব-পুলিশ এলে রেলপথ অবরোধকারীরা সেখান থেকে সরে পড়ে। এদিকে নরসিংদীতে রেলপথ অবরোধের পর 'অস্বাভাবিক অবস্থার' প্রেক্ষিতে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলস্টেশনে অপেক্ষায় থাকা যাত্রীরা টিকেটের মূল্য ফেরত নিতে পারে বলে স্টেশনে ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ঘরে ফিরে যাওয়া চট্টগ্রামগামী যাত্রী রিফাত নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেন যেতে 'অস্বাভাবিক বিলম্ব' হবে বলে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে ঘোষণা দেওয়া হয়। কমলাপুর রেলস্টেশনেও টিকেটের অর্থ ফেরতের ঘোষণা দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রামগামী আরেক যাত্রী রোমানুল করিম। বাংলাদেশ রেলওয়ের ঢাকা অঞ্চলের প্রধান ট্রেন নিয়ন্ত্রক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১০-১৫টি ট্রেনের শিডিউল বিঘিœত হয়েছে।" নরসিংদী সদর উপজেলার শাহেপ্রতাপ নামক স্থানে কয়েকটি গাড়িও ভাংচুর করা হয়। নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন রাত ২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধীর গতিতে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। বিক্ষুব্ধ জনতা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর বিরুদ্ধে স্লোগান দেয় এবং শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এস এম কাইয়ুম হরতাল কর্মসূচি ঘোষণা করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নরসিংদী শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হন লোকমান। নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, রাত ৮টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একদল মুখোশধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার এক ঘণ্টা পর মৃত বলে ঘোষণা করেন ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন হরিদাস সাহা। রাত সোয়া ১১টায় লোকমানকে মৃত ঘোষণা করে সার্জন বলেন, "তাকে মুমূর্ষু অবস্থায় আনা হয়েছিল। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।" এর আগে রাত ১১টায় ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১০টা ৪০ মিনিটে চিকিৎসক বলেন, 'লোকমান মারা গেছেন'। তবে নিরাপত্তার কারণে তাকে মৃত ঘোষণা করা হচ্ছে না।" নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান শ্রেষ্ঠ মেয়র হিসেবে দুইবার স্বর্ণপদক লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এমএইচপি/ডিডি/এএল/পিডি/০২২৪ ঘ.