ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূর করায় অনন্য অবদানের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ পেলেন 'ওয়াইজ প্রাইজ'।
মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ওয়ার্ল্ড ইনোভেশন সামিট ফর এডুকেশনের (ওয়াইজ) তৃতীয় সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির আমির শেখ হামাদ বিন খলিফা আল-থানির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
বিশেষভাবে তৈরি সোনার মেডেলটিতে ৫০টি ভাষায় 'শিক্ষা' কথাটি লেখা রয়েছে। পদকের পাশাপাশি পুরস্কার হিসাবে ৫ লাখ মার্কিন ডলার পাচ্ছেন ব্র্যাক প্রতিষ্ঠাতা।
গত বছরের ডিসেম্বরে ওয়াইজ সম্মেলনে শিক্ষাখাতে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে অসামান্য অবদানের জন্য 'ওয়াইজ প্রাইজ' দেওয়ার সিদ্ধান্ত হয়েছিলো। সে অনুযায়ী ২০১১ সালে দেওয়া হলো প্রথমবারের পুরস্কার।
পুরস্কারের জন্য প্রথমে মনোনয়ন আহ্বান করা হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অঙ্গনের ১১ শিক্ষা বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত কমিটি পর্যালোচনা করে প্রাথমিক নাম প্রস্তাব করে। এরই ধারাবাহিকতায় ড. আবদুল্লাহ বিন আলি আল-থানির সভাপতিত্বে পাঁচ সদস্যের বিচারক প্যানেল চূড়ান্ত সিদ্ধান্ত দেয়।
১৯৭২ সালে বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক) প্রতিষ্ঠা করেন ফজলে হাসান আবেদ। গত ৪০ বছরে এ বেসরকারি উন্নয়ন সংস্থাটিতে লোকবল দাঁড়িয়েছে ১ লাখ ২০ হাজার। বর্তমানে সংস্থাটির শিক্ষা কার্যক্রমের আওতায় এশিয়া, আফ্রিকা ও আমেরিকার ১০ দেশের ১৪ কোটি মানুষকে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জিএনএ/২১০৬ ঘ.
bdnews24