২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুই যুবকের লাশ উদ্ধার

রাজধানীর বংশাল ও বিমানবন্দর থানা এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশাল ও বিমানবন্দর থানা এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই জনকেই হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। বংশাল থানার ২৭ নম্বর আবুল হাসনাত রোডের নিমাণার্ধীন ভবনের ১১ তলার ছাদের পানির ট্যাঙ্ক থেকে মঙ্গলবার ভোর রাতে শাহিন আহমেদ (১৮) নামে এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ। বংশাল থানার ওসি জমির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহিনকে শ্বাসরোধ করে হত্যার পর ওই ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিলো বলে মনে হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ওই নিমাণার্ধীন ভবনের পাঁচজন শ্রমিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি। শাহিনের বড় ভাই শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহিন দেড়মাস আগে নিমার্ণধীন ভবনটিতে কাজ করছিলো। মঙ্গলবার তার বাড়ি যাওয়ার কথা ছিলো। তাদের বাড়ি কুড়িগ্রামের হরিকেশ গ্রামে। এদিকে সোমবার রাত ১২টার দিকে বিমানবন্দর থানা পুলিশ বিমানবন্দন সিভিল এভিয়েশনের বাগান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধ-গলিত লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের পরনের কোন পোশাক ছিলো না, তবে মৃতদেহটির কাছে একটি চেক লুঙ্গি পাওয়া গেছে। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, যুবকটির আনুমানিক বয়স ত্রিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০১৭ ঘ.