২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলাসাবেক এনএসআই প্রধানের অব্যাহতির শুনানি

২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান বিগ্রেডিয়ার জেনারেল আবদুর রহিমের অব্যাহতি আবেদনের আংশিক শুনানি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান বিগ্রেডিয়ার জেনারেল আবদুর রহিমের অব্যাহতি আবেদনের আংশিক শুনানি হয়েছে। মঙ্গলবার ঢাকার নাজিম উদ্দিন সড়কের বিশেষ এজলাসে বসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন শুনানি গ্রহণ করেন। বাকি শুনানি এবং অন্য আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন শুনানির জন্য আগামী ১৩ নভেম্বর তারিখ র্নিধারণ করেন তিনি। মামলা থেকে আবদুর রহিমের অব্যাহতি চেয়ে দীর্ঘ বক্তব্য দেন অ্যাডভোকেট আহসানউল্লাহ। তিনি বলেন, "মুফতি হান্নানকে নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে আবদুর রহিমের নাম এ মামলায় আনা হয়। আবদুর রহিম আদৌ ২১ অগাস্ট গ্রেনেড হামলায় যুক্ত ছিলেন না।" গত রোববার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা শেখ আবদুস সালাম, মাওলানা সাব্বির, মহিবুল্লাহ, মাওলানা ইয়াহিয়ার পক্ষে অব্যাহতির শুনানি হয়। গত ২৩ অক্টোবর মাওলানা আবু তাহের, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং লুৎফুজ্জামান বাবরের পক্ষে অব্যাহতির শুনানি হয়। গত ১৩ অক্টোবর এই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরীর অব্যাহতি আবেদনের শুনানি শেষ হয়। এর চারদিন পর শুনানি হয় খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউকের পক্ষে। দুই মামলার ১২ আসামি মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। তারা হলেন- খোদা বখশ চৌধুরী, পাকিস্তানি নাগরিক আবদুল মাজিদ বাট, সাইফুল ইসলাম ডিউক, হরকাতুল জিহাদের নেতা শেখ আবদুস সালাম, আবদুল হান্নান ওরফে সাব্বির, হাফেজ ইয়াহিয়া, মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মো. মামুন, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ও সাবেক প্রতিমন্ত্রি আব্দুস সালাম পিন্টু। গত ৯ অক্টোবর বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জন আসামির বিরুদ্ধে ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়। মঙ্গলবার শুনানির সময় কারাবন্দি ৩২ আসামিকে বিশেষ এজলাসে হাজির করা হয়। এ দুই মামলায় আগে আসামির সংখ্যা ২২ জন হলেও এ বছরের মাঝামাঝিতে অধিকতর তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। তাতে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, বিএনপির সাবেক সংসদ সদস্য বাবর, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ৩০ জনের নাম যোগ হয়। আসামিদের মধ্যে তারেকসহ ১৯ জন পলাতক রয়েছেন। জামিনে রয়েছেন ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় দলীয় নেত্রী আইভি রহমানসহ (বর্তমান রাষ্ট্রপতির স্ত্রী) অন্তত ২৪ জন নিহত হন। ওই ঘটনায় মামলার তদন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে। চার বছর পর সিআইডি গত তত্ত্বাবধায়ক সরকারের সময় অভিযোগপত্র দেয়। এরপর বর্তমান সরকার আমলে অধিকতর তদন্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৫১ ঘ.