ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী আপত্তি তোলার পর এবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেনও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে 'বিতর্কিত ব্যক্তি' হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, "যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের বিচারক বিতর্কিত ব্যক্তি। ওই ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন চলছে। এই বিচারের রায় কারো কাছেই গ্রহণযোগ্য হবে না, মানবে না। দেশের সমস্যা থেকে জনগণের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে সরকার এই প্রহসনের বিচার অনুষ্ঠান করছে।"
'প্রকৃত' যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে 'আন্তর্জাতিক মানসম্পন্ন' ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানান এই বিএনপিপন্থী আইনজীবী।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, লুণ্ঠনসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাঈদী গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হকের প্রতি অনাস্থা জানিয়ে তাকে প্রত্যাহারে আবেদন করেন। ১৩ নভেম্বর এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
সাঈদীর অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান নিজামুল হক ১৯৯৪ সালে ঘাতক-দালাল নির্মূল কমিটি কর্তৃক গঠিত গণতদন্ত কমিশনের সদস্য ছিলেন।
জামায়াতের কারাবন্দি আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দিয়েছে ট্রাই্যুনালের তদন্ত সংস্থা। একই অভিযোগে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধেও।
যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির দুই নেতার বিরুদ্ধেও মামলা চলছে। এদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে থাকলেও জিয়াউর রহমানের আমলের মন্ত্রী আব্দুল আলীম বিশেষ শর্তে জামিনে আছেন।
বন্দি অবস্থায় সাংসদ সালাহউদ্দিন কাদেরের ওপর নির্যাতনের অভিযোগ এনে 'জাগ্রত জনতা ফোরাম' আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, "তার ওপর নির্মম নির্যাতন হয়েছে। এর বর্ণনা করা যায় না। সালাহউদ্দিন কাদেরের অপরাধ- তিনি সত্য কথা বলতেন।"
যুদ্ধাপরাধের বিচারের নামে জাতিকে দুই ভাগ করা হচ্ছে- এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, "এর পরিণতি শুভ হবে না।"
অন্যদের মধ্যে সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব আলমগীর মজুমদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের চেয়ারম্যান এম এম মেহবুর রহমান, সম্মিলিত গণতান্ত্রিক জোটের সভাপতি এম এম মেহবুব রহমান, জাগ্রত জনতা ফোরামের সভাপতি শহিদ চৌধুরী এ কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচএ/জেকে/১৩৫৭
bdnews24