২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জামায়াত নেতা ট্রাইব্যুনালে

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর কারাবন্দি চার শীর্ষ নেতার বিরুদ্ধে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 04:43 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর কারাবন্দি চার শীর্ষ নেতার বিরুদ্ধে মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থা। জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লাকে সকালে আদালতে হাজির করার পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান সোমবার দুপুরে বেইলি রোডের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধেও প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। হান্নান খান বলেন, "৪০ বছর আগের ঘটনা হওয়ায় প্রতিবেদনে ব্যক্তি সাক্ষীর পাশাপাশি তৎকালীন সময়ের বিভিন্ন নথিপত্রকেও গুরুত্ব দেওয়া হয়েছে। গোলাম আযমের বিরুদ্ধে ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাক্ষী আছে ৪০ জন। আর নথিপত্র আছে ৪০০টিরও বেশি।" "দেশবাসীর কাছে কৈফিয়তের সম্মুখীন হতে চাই না। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা আদালতের কাছে সময় চাইতে পারতাম। কিন্তু সময় চাইনি", যোগ করেন প্রধান সমন্বয়ক। গোলাম আযমকে গ্রেপ্তার প্রসঙ্গে হান্নান খান বলেন, "আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ জানানো হয়েছে।" এ ছাড়া নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল¬ার বিরুদ্ধে আলাদা আলাদা প্রতিবেদন তৈরি নিয়ে তিনি বলেন, "এই চার নেতার মামলা নম্বর একই হলেও আমরা তদন্ত করেছি আলাদাভাবেই। তদন্তে এদের প্রত্যেকের বিরুদ্ধেই হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে।" তিনি জানান, নিজামীর বিরুদ্ধে ৪১১ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য দিয়েছেন ৪০ জন, মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন, কামারুজ্জামানের বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য দিয়েছেন ৩৭ জন এবং কাদের মোল¬ার বিরুদ্ধে ৩৮৫ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য দিয়েছেন ২৫ জন। গোলাম আযম দুভাবে দেশের ক্ষতি করেছেন মন্তব্য করে প্রধান সমন্বয়ক বলেন, "প্রথমত, মুক্তিযুদ্ধের সময় নিজে শান্তি কমিটির নের্তৃত্ব দিয়েছেন। দ্বিতীয়ত, পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছেন।" আরো কত জনের বিরুদ্ধে তদন্ত চলছে এ প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা সানাউল হক বলেন, "মোট ১৬ জনের একটি তালিকা আছে। তার মধ্যে সাত জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। তবে বিচার চলাকালীনও তদন্ত করা যাবে।" গোলাম আযমের অপরাধ তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান বলেন, "তার বিরুদ্ধে যথেষ্ঠ তথ্য প্রমাণ পেয়েছি। তিনি শান্তি কমিটির নেতা ও তৎকালীন জামায়াতের আমীর ছিলেন। তিনি নির্দেশ দাতা। তার নির্দেশেই তখন মানবতাবিরোধী অপরাধের মাত্রা বেড়ে যায়।" নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল¬ার বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ২ অগাস্ট তাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়। যুদ্ধাপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমানের সময়ের মন্ত্রী আব্দুল আলীমকেও একাত্তরে মানবতাবিরোধী অপরাধেল মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১১৩০ ঘ.