২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অবহেলায়' না.গঞ্জ আ. লীগ আহ্বায়কের পদত্যাগ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নয় বছরের আহ্বায়ক এস এম আকরাম 'অবহেলার' কারণ দেখিয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 02:32 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নয় বছরের আহ্বায়ক এস এম আকরাম 'অবহেলার' কারণ দেখিয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার বিকেলে দলের জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে লিখিত বক্তব্য তুলে ধরেন তিনি। তিনি দলের সাধারণ সম্পাদকের কাছে জেলা কমিটির আহ্বায়ক পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে তিন পৃষ্ঠার লিখিত বক্তব্য উপস্থাপন করেন আকরাম। নারায়ণগঞ্জের মেয়র নির্বাচনে তাকে 'অবহেলা' প্রসঙ্গে লিখিত বক্তব্যে আকরাম বলেন, তিনি আশা করেছিলেন মেয়র পদে তাকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, "অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দলীয় সর্বোচ্চ পর্যায়ে দলের অপর দুইজন প্রার্থী লইয়া অনেক আলা-আলোচনা এবং তাহাদের দুইজনকে আগামীতে সংসদ সদস্য, জেলা কমিটি সভাপতি এবং মন্ত্রী, উপ-মন্ত্রীসহ নানারকম পদ ও মর্যাদা প্রদানের আশ্বাস প্রদান করা হইলেও আমাকে সম্পূর্ণ অবহেলা করা হইয়াছে।" আকরাম সদ্যসমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেও পরে তা প্রত্যাহার করেন। নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমানের একজনকে দলীয় সমর্থন দেওয়া নিয়ে ক্ষমতাসীন দলে টানাপড়েন চলে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন (১৩ অক্টোবর) আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ গিয়ে শামীমকে সমর্থনের কথা জানান। এর পাঁচদিন পর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, নারায়ণগঞ্জের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে শামীম ওসমানকে। তবে নির্বাচনের দিন (রোববার) রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলীয় কোনো আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে তাকে (শামীম) সমর্থন দেওয়া হয়নি। আমার জানা মতে, সমর্থন দিতে দলের মনোনয়ন বোর্ডের কোনো সভা হয়নি।" মাহবুব-উল আলম হানিফের ওই দলীয় সমর্থনের ঘোষণাকে 'রহস্যাবৃত' অভিহিত করে পদত্যাগী এস এম আকরাম বলেন, ওই সিদ্ধান্তের আগে তার মতামত নেওয়া হয়নি। এ অবস্থায় তিনি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে তার "সমর্থন ঘোষণা" করে উল্লেখ করে লিখিত বক্তব্যে এর যুক্তি তুলে ধরেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আকরাম। তবে এই সমর্থন দেওয়াকে দলের 'সিদ্ধান্তের বিরুদ্ধাচারণ' হিসেবে চিহ্নিত করেন তিনি বলেন, "অনিয়মতান্ত্রিক এবং শিষ্টাচার বহির্ভূতভাবে অতি বিলম্বে দলের যে সিদ্ধান্ত জনসম্মুখে প্রকাশ করা হইয়াছে তাহার বিরুদ্ধাচরণ করিয়া আমি নৈতিকভাবে দলের সদস্য থাকিবার অধিকার হারাইয়া ফেলিয়াছি।" কমিটির নয় বছরে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে না পারার দায় স্বীকার করে তিনি বলেন, "বিষয়টি ব্যক্তিগতভাবে আমার ব্যর্থতা এবং অত্যন্ত লজ্জাজনক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/পিডি/২০১৬ ঘ.