২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পারলে এখনি দেশে ফেরেন হুমায়ূন'

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চিকিৎসকরা বলছেন, পঞ্চম বা ষষ্ঠ কেমোথেরাপি দেওয়ার পরই তার চিকিৎসার পরবর্তী ধাপের সিদ্ধান্ত হবে। তবে তিনি ভালো বোধ করছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চিকিৎসকরা বলছেন, পঞ্চম বা ষষ্ঠ কেমোথেরাপি দেওয়ার পরই তার চিকিৎসার পরবর্তী ধাপের সিদ্ধান্ত হবে। তবে তিনি ভালো বোধ করছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। বৃহদান্ত্রের ক্যান্সারের চিকিৎসা করাতে গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান হুমায়ূন। সেখানে মেমোরিয়াল স্লোয়ান-কেটরিং ক্যান্সার সেন্টারে তার চিকিৎসা চলছে। এর আগে ৮ নভেম্বর চতুর্থ কেমোথেরাপি দেওয়ার পর হুমায়ূন আহমেদের চিকিৎসার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছিলো। নতুন বক্তব্যে দৃশ্যত নভেম্বরের শেষ নাগাদ চিকিৎসার বিষয়ে নতুন কোনো তথ্য জানা যাচ্ছে না। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেমোথেরাপি হুমায়ূন আহমেদের শরীরে ভালো কাজ করছে এবং তিনি সুস্থ বোধ করছেন। "শুধু তাই নয়, তিনি তো পারলে চতুর্থ কেমো নেওয়ার পরই দেশে ফিরে আসেন," যোগ করেন তিনি। নিউ ইয়র্কের জ্যামাইকায় তিন কক্ষের অ্যাপার্টমেন্টটিতে হুমায়ূনের সঙ্গে ছিলেন এই প্রকাশক। দুই দিন আগে তিনি ঢাকা ফেরেন। সোমবার তিনি বলেন, "হুমায়ূন আহমেদ তার লেখালেখি চালিয়ে যাচ্ছেন। আজ সকালেও একটি লেখা পেয়েছি। এ ছাড়া এটিএন ও চ্যানেল আইয়ের জন্য দুটি নাটকও লিখেছেন তিনি।" এই লেখকের রক্তে শ্বেতকণিকা খানিকটা কমে গেছে, যা কেমোর পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়েছে বলে জানান মাজহার। "এর মাত্রা বাড়াতে ইনজেকশন দেওয়া হয়েছে। এ কারণে গতকাল পর্যন্ত তিনি কিছুটা ব্যথা অনুভব করেছেন। এর বেশি কিছু নয়।" কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ইতোমধ্যে সংবাদপত্রে তার নিউ ইয়র্কের অভিজ্ঞতা লেখা শুরু করেছেন। পরে 'নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ' নামে বইটি প্রকাশ করা হবে। নভেম্বরের ১৩ তারিখ হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে পাবলিক লাইব্রেরি চত্বরে সপ্তাহব্যাপী বইমেলায় তার আত্মজীবনীমূলক রচনা 'রঙ পেন্সিল' বের হবে। মাজহারুল জানান, ষষ্ঠ কেমোথেরাপি পর্যন্ত চিকিৎসা বাবদ প্রায় এক লাখ মার্কিন ডলার খরচ হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএল/এমআই/১৩২৫ ঘ.