২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী-চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত ৩

নীলফামারী ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 06:42 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

চট্টগ্রাম/নীলফামারী, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী ও চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। রোববার রাতে নীলফামারী-জলঢাকা সড়কে হাতিবন্ধা এলাকায় নছিমনের ধাক্কায় আহত হন একটি মটর সাইকেলের দুই আরোহী। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- দিনাজপুরের খানসামা থানার হোসেনপুর গ্রামের ওবায়দুর রহমান (২৭) এবং নীলফামারী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্রী ময়না আক্তার (২১)। নীলফামারী সদর থানার ওসি এম আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, জলঢাকা থেকে নীলফামারী শহরে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে হাতিবান্ধা এলাকায় একটি নছিমন মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই দুজন মারা যান। নছিমন চালককে গ্রেপ্তার করা যায়নি বলে ওসি জানান। চট্টগ্রামের দুর্ঘটনাটি ঘটেছে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় সোমবার ভোর রাতে। এতে নূরুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হন বলে পুলিশ জানিয়েছে। নুরুল কক্সবাজারের বড় ঢেবা গ্রামের নাজির আহমদ সওদাগরের ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় রাস্তা মেরামতের কাজ করছিলেন নুরুল। ওই সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। নুরুলকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১২৩৫ ঘ.