২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জমি বিরোধে' প্রাণ গেলো শিশুর

মায়ের কোল ছাড়া চার বয়সে কিইবা বোঝার আছে! অথচ এ বয়সেই 'জমি সংক্রান্ত বিরোধে' সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে এক শিশুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মায়ের কোল ছাড়া চার বয়সে কিইবা বোঝার আছে! অথচ এ বয়সেই 'জমি সংক্রান্ত বিরোধে' সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর বাড্ডার পূর্বাঞ্চল ১৭ নম্বর লেনে। রোববার দুপুর দেড়টার দিকে ওই হামলায় সুবর্ণা রানি মৃধা নামে ওই শিশু নিহত হয়। আহত হয় তার মা রীনা রানি মৃধা (৩৫) এবং তিন বছরের ছোট বোন স্বর্ণা রানি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রীনার স্বামী কাঠমিস্ত্রী ভবদীশ মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তবে আশেপাশের লোকজন তাকে বলেছেন কয়েকজন সন্ত্রাসী বাসায় ঢুকে তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ বিভিনন্থানে আঘাত করে। এ সময় কোলে থাকা শিশু স্বর্ণা এবং অপর কন্যা সুবর্ণার শরীরেরও আঘাত লাগে। পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, সুবর্ণা মারা গেছে। বাড্ডা থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে এই হামলা করা হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বললে বিষয়টি আরো পরিষ্কার হবে। অবশ্য ভবদীশ মৃধার শ্যালক নারায়ণ দাশ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা বোন ও বোনের মেয়েদের ওপর কেন হামলা করেছে তা তারা জানেন না। ভবদীশ বাড়িটির মালিক বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৬৫৮ ঘ.