রাঙামাটি, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির কাউখালি উপজেলা থেকে পাহাড়ি ছাত্র পরিষদের দুই কর্মীকে অস্ত্রসহ আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
শুক্রবার রাত ১০টায় পোড়া পাড়া এলাকা থেকে ইউপিডিএফ'র সহযোগী সংগঠনের এই কর্মীদের আটক করা হয়।
এরা হলেন উৎপল চাকমা (১৭) ও রূপন চাকমা (১৭)।
তাদের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ইউপিডিএফের ব্যানার, ফেস্টুনসহ সাংগঠনের বিভিন্ন কাগজপত্র ও সেনা সদস্যদের পোশাকের মতো কাপড়চোপড় উদ্ধার করা হয়।
কাউখালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, একদল সেনা সদস্য পোয়াপাড়া এলাকায় একটি ঘর থেকে পাহাড়ি ছাত্র পরিষদের দুই কর্মীকে আটক করে।
পরে অস্ত্রসহ দু'জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা এ আটকের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ষড়যন্ত্রমূলক অস্ত্র গুজিয়ে দিয়ে তাদের দুই কর্মীকে আটক করা হয়েছে।
এদের মধ্যে উৎপল চাকমা এবারের এসএসসি পরীক্ষার্থী ও রিটন চাকমা ভোকেশনাল ইনস্টিটিউটের ছাত্র বলে তিনি দাবি করেন।
তিনি তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫২ ঘ.
bdnews24