২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় চালের লাইনে সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিজিএফ-এর চালের লাইনে দাঁড়ানো নিয়ে তর্ক থেকে সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 05:18 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

গোপালগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিজিএফ-এর চালের লাইনে দাঁড়ানো নিয়ে তর্ক থেকে সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন ওরফে দিলু শেখ (৪০) ভ্যান চালাতেন। তার বাড়ি টুঙ্গিপাড়া পৌরসভার পাঁচকাহনিয়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌরসভায় ওই সংঘর্ষে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। টুঙ্গিপাড়া থানার ওসি শ্যাম লাল নাথ জানান, বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ভিজিএফ-এর চাল বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে পৌরসভার পানি সরবরাহ লাইনের গার্ড ইউনুছ শেখের সঙ্গে হাফিজ শেখ ও নুরু শেখ নামে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাইনে দাঁড়ানো অন্যরাও দুই দলে ভাগ হয়ে সংঘর্ষে জড়ালে অন্তত ৮ জন আহত হন। গুরুতর আহত ভ্যান চালক দিলু শেখকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে বিকেলে তাকে খুলনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে মারা যান দিলু। আহতদের মধ্যে নুরু শেখ (৩৫) ও এস্কেন্দার আলী শেখ (২৭) টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিকে সকালে দিলুর মৃতুর খবর পৌঁছালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি ঠেকাতে গোপালগঞ্জের এএসপি মো. শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে ছুটে যান। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। ওসি শ্যাম লাল জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে ইসলাম শেখ (৪০), রাসেল শেখ (৩২), লাবলু শেখ (২৫), এবাদুল শেখ (৩২), আয়ূব আলী (৫৫), কালাম শেখ (৪০) ও নূর ইসলাম শেখ নামের ৭ জনকে আটক করেছে পুলিশ। তিনি বলেন, "তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১১ ঘ.