২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ মন্ত্রণালয়ের 'অশুদ্ধ' বাজেট

সড়ক সংস্কারে অর্থ ছাড় নিয়ে সৈয়দ আবুল হোসেনের অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টো যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধেই যথাযথ হিসাব না দেওয়ার কথা সংসদে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 05:28 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কারে অর্থ ছাড় নিয়ে সৈয়দ আবুল হোসেনের অভিযোগ উড়িয়ে দিয়ে উল্টো যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধেই যথাযথ হিসাব না দেওয়ার কথা সংসদে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বৃহস্পতিবার সংসদে এ প্রশ্নের জবাবে বলেন, সড়ক সংস্কারের বরাদ্দ থাকে রাজস্ব খাতে। যোগাযোগ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন ঠিক করবে তাদের খাতওয়ারি হিসাব। কোন খাতে কত বরাদ্দ থাকবে, এমন হিসাব কোনোদিন দেয়নি যোগাযোগ মন্ত্রণালয়। গত অগাস্টে বেহাল মহাসড়ক নিয়ে সংসদে তোপের মুখে আবুল হোসেন বলেছিলেন, তাকে পর্যাপ্ত বরাদ্দ অর্থ মন্ত্রণালয় দেয় না। ওই সময়ের কথা ধরে মুহিত বলেন, "গোলমালের সময় প্রধানমন্ত্রীর নির্দেশে যে খাতওয়ারি বাজেট যোগাযোগ মন্ত্রণালয় পাঠিয়েছিলো, তা-ও ছিলো অশুদ্ধ।" বরাদ্দের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "অর্থ মন্ত্রণালয় ঠিক করে কোন মন্ত্রণালয় কত টাকা পাবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৪৬ হাজার কোটি টাকা আমি থোক বরাদ্দ দিয়েছি। আমার যা দেওয়ার দিয়েছি।" "সেই হিসাবে যোগাযোগ মন্ত্রণালয় টাকা কীভাবে খরচ করবে, তা ঠিক করেছে। টাকা খরচের কোনো হিসাব তারা কখনো অর্থ মন্ত্রণালয়ে দেয়নি। তাদের খরচের কোনো হিসাব আমি জানি না," বলেন তিনি। অর্থমন্ত্রী জানান, বেহাল মহাসড়ক সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে প্রথমবারের মতো যোগাযোগ মন্ত্রণালয় বরাদ্দকৃত টাকা কীভাবে খরচ করেছে, তার একটি হিসাব অর্থ মন্ত্রণালয়ে দেয়। "তাও সে হিসাব ছিলো অশুদ্ধ। তারপরও ৮০ শতাংশ অর্থ ছাড় দিয়েছি। যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য ৫৮০ কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আরো ১১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া বাকি রয়েছে। সেটা মন্ত্রণালয় চাইলেই দিয়ে দেওয়া হবে," মুহিত বলেন। আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের স্থানীয়ভাবে উন্নয়ন কাজের জন্য এলাকাপ্রতি ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১১৮ ঘ.