ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি শিপ ব্রেকিং ইয়ার্ডে গত দুই মাসে শ্রমিকদের আহত-নিহত হওয়ার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
ওই আহত-নিহতের কারণ উল্লেখসহ প্রতিবেদন দিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালকে (এনফোর্সমেন্ট) নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
বেলার আবেদনে বলা হয়, গত ১৭ ও ২২ সেপ্টেম্বর, ১২ ও ১৬ অক্টোবর চারটি শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ/গ্যাস নির্গমনজনিত কারণে কমপক্ষে আটজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
চলমান একটি রিটে বেলা এই আবেদন দাখিল করে। শুনানি শেষে আদালত আদেশ দেয়।
এ সব ঘটনায় ফরচুন শিপইয়ার্ড, এসআরএস শিপইয়ার্ড, আরকে শিপইয়ার্ড এবং জিরি সুবেদার শিপইয়ার্ডের দুর্ঘটনাকবলিত চার জাহাজের অনুকূলে ইস্যু হওয়া গ্যাস ফ্রি সার্টিফিকেট দাখিল করতে বিস্ফোরক অধিদপ্তরকে নির্দেশ দেয় আদালত।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতি আরেক নির্দেশনায় কারিগরি কমিটির মাধ্যমে আদালতের নির্দেশনার যথাযথ প্রতিপালন, পরিবেশগত ছাড়পত্রে বর্ণিত শর্তগুলো মেনে চলা হচ্ছে কি না এবং শ্রমিক নিরাপত্তার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
আহত ও নিহত শ্রমিকদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং আহত শ্রমিকদের চিকিৎসার সম্পূর্ণ খরচ সংশ্লিষ্ট শিপ ইয়ার্ড কর্তৃপক্ষ বহন করছে কি না, এ সংক্রান্ত অন্য একটি প্রতিবেদন দিতে পরিবেশ অধিদপ্তরের প্রধান পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়।
আদালতে বেলার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
'
এখন আর আমদানির সুযোগ নেই'
বৃহস্পতিবার বেলার আইনজীবী তাসলিমা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিপব্রেকার্স এসোসিয়েশনের (বিএসবিএ) এক আবেদনে সীমিত আকারে জাহাজ আমাদানি করতে দেওয়া আদালতের অনুমতি গত ১২ অক্টোবর শেষ হয়েছে।
এই মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিএসবিএ পুনরায় সময় বৃদ্ধির আবেদন করে যা এখনো শুনানির অপেক্ষায়। তাই এখন নতুন করে আর কোনো জাহাজ আমদানির সুযোগ নেই।
সীমিত আকারে আমদানি করতে আদালতের অনুমতির সুযোগ নিয়ে এ বছর রেকর্ড সংখ্যক জাহাজ আমদানি করা হয় বলেও উল্লেখ করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২২০০ ঘ.
bdnews24