২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট গ্রহণ চলছে পাকুন্দিয়া পৌরসভায়

কিশোরগঞ্জের নবগঠিত পাকুন্দিয়া পৌরসভায় ভোট গ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের নবগঠিত পাকুন্দিয়া পৌরসভায় ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে একটানা ভোট নেওয়া হবে। নবগঠিত এ পৌরসভায় প্রথম নির্বাচন হওয়ায় উৎসাহ নিয়ে ভোটাররা ভোটকেন্দ্রে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রিটার্নিং অফিসার ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহার জানিয়েছেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ৬জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার দায়িত্ব পালন করছে। এ ছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে র‌্যাব ও বিজিবি কাজ করছে। এ নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ২৭৪ জন। এর মধ্যে ৮ হাজার ৩৭৯ জন পুরুষ ও ৮ হাজার ৮৯৫ জন নারী। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির ৩ জন করে এবং জামায়াতে ইসলামীর ১ জন প্রার্থী লড়ছেন। তবে মূল নির্বাচনী লড়াই আওয়ামী লীগের রফিকুল ইসলাম রেনু ও বিএনপির অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা স্থানীয়দের। দুই জনই নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। সীমানা নির্ধারণের জটিলতার ফলে সৃষ্ট মামলার কারণে দীর্ঘ ৬ বছর পর পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০০৬ সালের ২৪ এপ্রিল পাকুন্দিয়া সদর ইউনিয়নসহ পাশের হোসেন্দী ও নারান্দির অংশ নিয়ে পাকুন্দিয়া পৌরসভার কার্যক্রম শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১২৫০ ঘ.