২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গঠিত সম্মিলিত নাগরিক পরিষদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গঠিত সম্মিলিত নাগরিক পরিষদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেছে। পরিষদ নেতারা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিয়ে দেওয়ারও দাবি জানান। বুধবার বিকালে সেলিনা হায়াৎ আইভীর দেওভোগের বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ ও দাবি করা হয়। তবে ওই সময় আইভী উপস্থিত ছিলেন না। সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গঠিত সম্মিলিত নাগরিক পরিষদ সেলিনা হায়াৎ আইভীর প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে। পরিষদের আহবায়ক জেলা আওয়ামী লীগ আহবায়ক এসএম আকরাম সম্মেলনে বলেন, প্রশাসন নগ্নভাবে পক্ষপাতমূলক আচরণ শুরু করেছে। তাদের কাছে কোনো অভিযোগ করে ফল পাওয়া যাচ্ছে না। ইভিএম'র ব্যাপারে তিনি বলেন, আইভী ইভিএমকে স্বাগত জানালেও এখন দেখা যাচ্ছে ইভিএম নিয়ে নির্বাচন কমিশন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার বন্দরে ২৩ নম্বর ওয়ার্ডে একটি কেন্দ্রে ইভিএম মেশিনে পরীক্ষামূলক ভোটিংকালে ভোটারদের ইভিএম মেশিনে থাকা একমাত্র প্রতীক টেবিল ঘড়িতে ভোট দিতে বলা হয়। এতে ভোটাররা প্রভাবিত হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তাই নির্বাচনে ইভিএম ব্যবহার কমানোর দাবি করেন তারা। এক প্রভাবশালী মেয়র প্রার্থী কালী পূজাকে সামনে রেখে কালো টাকা ছড়াচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন। এছাড়া একজন প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আচরণবিধি ভঙ্গ করে গণসংযোগ করলেও নির্বাচন কমিশন নীরব রয়েছে বলে অভিযোগ করেন পরিষদ নেতারা। নাগরিক পরিষদের সদস্য সচিব রফিউর রাব্বি অভিযোগ করেন, বিভিন্ন অনিয়ম রোধে নির্বাচন কমিশনে অভিযোগ দিলেও কোনো সুরাহা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রোকন উদ্দিন, এবি সিদ্দিক, আনোয়ার হোসেন, মো. শহীদুলল্লাহ, দুলাল সাহা, খাজা রহমাত উল¬াহ, আওলাদ হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ। এদিকে সেলিনা হায়াৎ আইভীর প্রধান নির্বাচনী এজেন্টও প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করা হয়। প্রধান নির্বাচনী এজেন্ট শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বুধবার বিকালে রিটার্নিং অফিসারের কাছে দু'টি পৃথক চিঠিতে এসব অভিযোগ করেন। চিঠিতে বলা হয়, দেওয়াল ঘড়ি ও টেবিল ঘড়ির মধ্যে সামঞ্জস্য রয়েছে বিধায় বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন। অপর চিঠিতে অভিযোগ করা হয়, আচরণবিধি মোতাবেক কোনো মেয়র প্রার্থীই একটি ওয়ার্ডে একাধিক নির্বাচনী ক্যাম্প চালু রাখতে পারবে না। কিন্তু দেওয়াল ঘড়ি প্রতীকে ২৩ নম্বর ওয়ার্ডেই রয়েছে ছয়টি ক্যাম্প। অন্যান্য ওয়ার্ডেও দেওয়াল ঘড়ি প্রতীকের একাধিক ক্যাম্প রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৪ ঘ.