২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মেট্রো রেলপথ বদলের কারণ বিমান বাহিনী নয়'

শুধু বিমান বাহিনীর আপত্তির কারণে মেট্রো রেলের পথ পরিবর্তনের খবর সঠিক নয় বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 11:33 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুধু বিমান বাহিনীর আপত্তির কারণে মেট্রো রেলের পথ পরিবর্তনের খবর সঠিক নয় বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই নকশা পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। মেট্রোর রেলপথ বিজয় সরণী হয়ে না গিয়ে খামার বাড়ি হয়ে গেলে সংসদ ভবনের সৌন্দর্য নষ্ট হবে না বলে মনে করেন হাসিনা। উত্তরা থেকে মিরপুর হয়ে সায়েদাবাদ পর্যন্ত ২২ কিলোমিটার দীর্ঘ মেট্রো রেলের প্রস্তাবিত নকশায় ছিলো, বিজয় সরণী হয়ে এটি ফার্মগেট যাবে। তবে তেজগাঁও বিমান বন্দরে উড়োজাহাজ ওঠানামা ব্যাহত হওয়ার কথা জানিয়ে এই নকশায় আপত্তি তোলে বিমান বাহিনী। এ নিয়ে দেশের শীর্ষস্থানীয় একটি বাংলা দৈনিকে 'বিমানবাহিনীর আপত্তিতে ঘুরছে মেট্রো রেলপথ' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রধানমন্ত্রী বলেন, "বিমান বাহিনীর আপত্তিতে মেট্রো রেলপথের গতিপথ ঘুরছে- এ কথা সত্য নয়। বুয়েট, যোগাযোগ মন্ত্রণালয় এবং পরিবেশবিদসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমেই মেট্রো রেলের পথ রোকেয়া সরণীর পশ্চিম পাশ দিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" মেট্রো রেল বিজয় সরণী দিয়ে গেলে তেজগাঁও বিমান বন্দরের বিমান ওঠানামার সমস্যার দিকটিও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "বিজয় সরণী এমআরটি লাইন-৬ (মেট্রো রেল প্রকল্প) এর উচ্চতার কারণে বিমান অবতরণকালে ল্যান্ডিং অ্যাপ্রোচের উচ্চতা বাড়াতে হবে। সে ক্ষেত্রে বিমানকে রানওয়ের প্রথমভাগের একটি বড় অংশ বাদ দিয়ে অবতরণ করতে হবে, যা বিমান বাহিনীর বিভিন্ন বিমানের অবতরণ অত্যন্ত ঝুকিপূর্ণ করে তুলবে।" তিনি জানান, ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তেজগাঁও বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসাবে বিমান বাহিনীকে হস্তান্তর করে। বিজয় সরণী দিয়ে মেট্রো রেল গেলে বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটারের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, "এমআরটি-৬ বিজয় সরণী দিয়ে গেলে ফার্মগেটে মোড় নেওয়ার সময় দুটি ছয় তলা ভবন ছাড়াও ছয় থেকে আটটি ব্যক্তি মালিকাধীন ভবন ভাঙতে হবে। কিন্তু খামার বাড়ি দিয়ে গেলে একটি মাত্র সরকারি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হবে।" মেট্রো রেল বিজয় সরণী দিয়ে গেলে ব্যবহারযোগ্য রাস্তার পরিমাণও কমবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমআরটি-৬ এর রুটটি রোকেয়া সরণী হয়ে সংসদ এলাকার পূর্ব পাশের রাস্তা দিয়ে যাবে। অনেকে বলছেন, এ পথ দিয়ে মেট্রো রেল গেলে জাতীয় সংসদ ভবনের সৌন্দর্যহানি ঘটবে। প্রধানমন্ত্রী বলেন, "এমআরটি লাইন-৬ সংসদ ভবনের পূর্ব দিকের রাস্তা দিয়ে গেলে লাইনটি সংসদ ভবনের খেজুর বাগানের আড়ালে পড়ে যাবে, যা সংসদ ভবনের সৌন্দর্যকে কোনোভাবেই ব্যাহত করবে না এবং লুই আই কানের মূল নকশার কোনো ক্ষতি হবে না।" লুই কানের মূল নকশা অনুযায়ী বর্তমান বিদ্যমান রোকেয়া সরণীর রাস্তাটি সংসদ ভবনের দিকে আরো ৫০/৬০ ফুট চওড়া করার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটি এ বিষয় নিয়ে কাজ করছে। সংসদ ভবনের নকশার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "সংসদ ভবন এলাকায় ক্রিসেন্ট লেকের ওপর দিয়ে ব্রিজ তৈরি এবং মাজার নির্মাণ করা হয়েছে। এছাড়া নির্মাণ করা হয়েছে মসজিদ ও মিউজিয়াম। এগুলো মূল নকশায় কোনো সময়ই ছিলো না।" প্রায় ১৭০ কোটি ডলারে নির্মিতব্য মেট্রো রেল প্রকল্পের প্রায় ৮০ শতাংশ ঋণ দিচ্ছে জাপানের রাষ্ট্রায়াত্ত সংস্থা জাইকা। প্রধানমন্ত্রী জানান, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) সুপারিশ অনুযায়ী এমআরটি লাইন-৬ বাস্তবায়নের জন্য জাইকার অর্থায়নে ও ব্যবস্থাপনায় সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৪৪ ঘ.