২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'রশীদ তালুকদারের ছবি কথা কইবে'

রশীদ তালুকদারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে সহর্র্কমীরা বলেছেন, প্রয়াত এ আলোকচিত্রীর ছবিই তার অস্তিত্বের জানান দিয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊনসত্তরের গণঅভ্যুত্থানে রাজপথে মিছিলের সামনে একটি শিশুর মুষ্টিবদ্ধ হাতের যে ছবি বাঙালির স্বাধিকারের দাবিকে মূর্ত করে তুলেছিলো- সেই ছবির আলোকচিত্রী রশীদ তালুকদারকে শেষ শ্রদ্ধা জানালো ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ জনতা। বুধবার শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর রশীদ তালুকদারকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই মুক্তিযোদ্ধার। তার বয়স হয়েছিলো ৭২ বছর। রশীদ তালুকদার গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক 'পাইওনিয়ার ফটোগ্রাফার অ্যাওয়ার্ড' পান। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির একটি কর্মসূচির আওতায় প্রতিবছর বিশ্বের একজন সেরা ফটো সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়। বাসাবো মদিনা মসজিদে প্রথম জানাজা শেষে দুপুরে রশীদের মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রয়াত রশীদ তালুকদারকে 'মিছিলের রূপকার' হিসাবে আখ্যায়িত করেন। ৬৯'এর গণঅভ্যুত্থানে তোলা ছবি সম্পর্কে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এরকম একজন ফটোগ্রাফার, এরকম একটি ছবি এমনিতে হয় না। এর জন্য গভীর অনুধাবনের প্রয়োজন হয়। এর পেছনে রশীদ তালুকদারের দীর্ঘদিনের সংযুক্তি, লম্বা প্রস্তুতি ছিলো। কাজের প্রতি তার এই নিষ্ঠা, তার স্বাধিকার চেতনা তাকে ষাটের দশকের মিছিলের রূপকার করে তুলেছিলো।" সকালে খবরের কাগজে রশীদ তালুকদারের মৃত্যুর খবর পেয়ে শহীদ মিনারে এসেছিলেন কলকাতার 'নাট্য একাডেমী পত্রিকা'র সম্পাদক নৃপেন্দ্র সাহা। বাঙালীর স্বাধিকার আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে ওঠা এই আলোকচিত্রী সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার (রশীদ তালুকদার) সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতা ছিলো না। আমি তাকে প্রথমে চিনি তার ছবির মাধ্যমে, পরে এপার বাংলায় বসবাসরত আমার বন্ধুদের মধ্য দিয়ে। ছবির মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলনের যে প্রতিচ্ছবি তিনি রেখে গেছেন, তা এদেশের ইতিহাসের পরতে পরতে থেকে যাবে।" শহীদ মিনারের অনুষ্ঠানের আয়োজক সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, "রশীদ তালুকদার মুক্তিসংগ্রামের অন্যতম প্রধান কুশলী। তিনি তার ক্যামেরাকে রাইফেলের সমান দৃঢ়তা দিয়েছিলেন।" "এক জন সাধারণ ফটোসাংবাদিকের সীমা অতিক্রম করে তিনি হয়ে উঠেছিলেন সম্মুখ যোদ্ধা। ষাটের দশকের শিক্ষা আন্দোলন, রবীন্দ্র সঙ্গীত নিষিদ্ধ করার পরের আন্দোলন, ৬ দফা, ৬৮'র শ্রমিক আন্দোলন কিংবা ৬৯'র গণঅভ্যুত্থান- সবখানেই ছিলো তার সরব উপস্থিতি," বলেন বাচ্চু। রশীদ তালুকদারের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিলো মুক্তিযুদ্ধের ছবি। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকা শহরে গণহত্যার অসংখ্য ছবি ক্যামেরাবন্দি করেন। মুক্তিযুদ্ধের দিনগুলোতে মুক্তিবাহিনীর প্রশিক্ষণ শিবিরে ঘুরে ঘুরেও ছবি তোলেন তিনি। রশীদের এক সময়ের সহকর্মী বর্তমানে এপি'র চিত্রগ্রাহক পাভেল রহমান বলেন, "বাংলাদেশে ফটোজার্নালিজমে তার মতো নিষ্ঠাবান কাউকে আমি এ পর্যন্ত পাইনি। তিনি এককভাবে শুধু ফটোগ্রাফিই করেছেন। এটাই ছিলো তার ধ্যান জ্ঞান। তাই তার ছবি অন্যরকম ভাষা পেয়েছিলো।" রাষ্ট্রপতির পক্ষ থেকে তার একান্ত সচিব মো. ফজলুল হক এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার একান্ত সচিব আব্দুস সোবহান গোলাপ শহীদ মিনারে রশীদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধূরী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধূরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ, শিল্পকলা একাডেমী, বাংলাদেশ মহিলা সমিতি, পাঠশালা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউট, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে রশীদের প্রতি শ্রদ্ধা জানায়। শহীদ মিনারে শ্রদ্ধার পর মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রশীদকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর শেষ ইচ্ছে অনুযায়ী রশীদকে জোহরের নামাজের পর আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হয়। ১৯৩৯ সালের ২৪ অক্টোবর ভারতের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন রশীদ তালুকদার। বাবার চাকরিসূত্রে ছয় বছর বয়সেই তিনি রাজশাহীর 'স্টার স্টুডিও'তে ছবি তোলার কাজ শুরু করেন। ১৯৬২ সালে দৈনিক সংবাদে আলোকচিত্রী হিসেবে যোগ দেওয়ার মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক ফটো সাংবাদিকতার শুরু। সেখানে একযুগ কাজ করে ১৯৭৫ সালে যোগ দেন দৈনিক ইত্তেফাকে। সেখানে টানা ২৯ বছর কাজ করে তিনি অবসরে যান ২০০৭ সালে। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেই তিনি সময় কাটাচ্ছিলেন। বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রশীদ তালুকদার তার কর্মজীবনে জাপান ফটোগ্রাফিক সোসাইটি ও আশাহি সিমবুন থেকে সেরা আলোকচিত্রীর পুরস্কার, ইউনেস্কো, থাইল্যান্ড ও বিপিএস স্বর্ণপদকসহ দেশি-বিদেশি ৭৫টি পুরস্কার পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১৬২৭ ঘ.