২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিন্নমূল উচ্ছেদ স্থগিত করেছে হাইকোর্ট

চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী এলাকায় সরকারি জমিতে বসবাসকারী ছিন্নমূলদের উচ্ছেদে জেলা প্রশাসকের দেওয়া নোটিসের কার্যকারিতা তিন মাসের জন্যে স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 06:07 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী এলাকায় সরকারি জমিতে বসবাসকারী ছিন্নমূলদের উচ্ছেদে জেলা প্রশাসকের দেওয়া নোটিসের কার্যকারিতা তিন মাসের জন্যে স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার এ আদেশ দেয়। এছাড়া ওই নোটিস কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। হাইকোর্টে আবেদনকারীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু শুনানি করেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. রায়হানুল মোস্তফা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। মো. রায়হানুল মোস্তফা সাংবাদিকদের বলেন, "বায়েজীদ বোস্তামী এলাকায় ১৯৬০ সাল থেকে সরকারি জমিতে পাকা, আধা পাকা স্থাপনা নির্মাণ করে শান্তিনগর সমাজ কল্যাণ সমিতির অধীনে ছিন্নমূল জনগণ বসবাস করে আসছে। গত বছরের ২৫ নভেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক এসব ছিন্নমূল জনগণকে সেখান থেকে সরে যেতে নোটিস দেন।" তিনি জানান, এই উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে আপিল করে শান্তিনগর সমাজ কল্যাণ সমিতি। গত ২০ সেপ্টেম্বর ওই আপিল খারিজ করে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার। "এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম", বলেন রায়হানুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/পিডি/০০০২ ঘ.