পঞ্চগড়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় শহরে এক ব্যবসায়ীকে জরিমানা ও লাঞ্ছনার প্রতিবাদে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে মাছ বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে এ বিক্ষোভে অংশ নেন।
পরে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভ্রাম্যমাণ আদালতের ওই বিচারককে বদলির দাবি জানান।
বণিক সমিতির সহ-সভাপতি মির্জা সাবদারুল ইসলাম মুক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দোকানে মূল্য তালিকা না রাখার অভিযোগে মাছ ব্যবসায়ী শাহজাহানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
শাহজাহান নিজের কাছে টাকা না থাকায় জরিমানার টাকা ধার করে দেবেন বলে জানান।
কিন্তু ম্যাজিস্ট্রেট তার কথা না শুনে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে অন্য ব্যবসায়ীরা তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন।
তখন দ-িত ব্যবসায়ী শাহজাহান বিচারকের পা ধরে ক্ষমা চেয়ে ও জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হন, বলেন মুক্তা।
এরপরই ব্যবসায়ীরা মাছ বাজারের সব দোকান বন্ধ করে বণিক সমিতির নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম খান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আহমেদ কবীরকে ঘটনা অবহিত করেন। তারা ভ্রাম্যমাণ আদালতের বিচারকের বদলির দাবি জানান।
এডিএম আহমেদ কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে কিছু অভিযোগ জানিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হামিদুল ইসলাম এ ব্যাপারে বলেন, নিয়ম মেনেই ওই মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাকে লাঞ্ছিত করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৫৭ ঘ.
bdnews24