২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যেতে হবে ৩০০০ মাইল' এর যাত্রা শুরু

জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির প্রচার অভিযান 'যেতে হবে ৩০০০ মাইল' এর যাত্রা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা তৈরির প্রচার অভিযান 'যেতে হবে ৩০০০ মাইল' এর যাত্রা শুরু হয়েছে। জাতীয় জাদুঘরের সামনে থেকে মঙ্গবার বিকালে এই অভিযানের জন্য বিশেষভাবে তৈরি একটি বাসে ৮ সদস্যের একটি দল পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সেখান থেকে আগামী ২৭ অক্টোবর প্রচারকাজ শুরু হবে। এরপর দেশের বাকি ৬২টি জেলা ঘুরে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় এসে শেষ হবে ৯০ দিনের অভিযান। ব্রিটিশ কাউন্সিল ঢাকা ও ওয়াইল্ড আইয়ের উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রায় তিন হাজার মাইলের এ অভিযানে সহযোগিতা দিচ্ছে। আট সদস্যের ওই প্রতিনিধি দলটি প্রতি জেলার স্কুল শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে জলবায়ু পরিবর্তন এবং এর সঙ্গে এদেশের মানুষের বিভিন্নমুখী সম্পর্ক নিয়ে প্রচার চালাবে অভিযানে। প্রচারণার অন্য অংশীদাররা হলো- সময় টেলিভিশন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও বেঙ্গল সোলার। প্রচার অভিযানের পরিচালক তানজিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশের প্রায় এক লাখ শিশু এখন পোস্টকার্ড আঁকছে। তারা আমাদের অপেক্ষায় রয়েছে। অপেক্ষায় আছে সে স্কুলের শিক্ষক এবং ওইসব অঞ্চলের সাধারণ মানুষেরাও। গত এক মাস ধরে আমরা এ যোগাযোগগুলো তৈরি করেছি।" আগামী ২৯ নভেম্বর ডারবানে শুরু হবে জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন- কোপ ১৭। ওই সম্মেলনকে সামনে রেখে যুক্তরাজ্য থেকে যাত্রা শুরু হওয়া 'ক্লাইমেট নেগোসিয়েশন ট্রেন' ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবানে পৌঁছাবে। তিনি জানান, ওই ট্রেনের পরিবেশ বিজ্ঞানী এবং পরিবেশ কর্মীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে 'যেতে হবে ৩০০০ মাইল' প্রচারে অংশগ্রহণকারীদের সঙ্গেও সরাসরি আলোচনায় অংশ নেবেন। বাংলাদেশের বিশেষ বাসটিতে থাকা ল্যাপটপ, ক্যামেরা এবং বাতি চালানোর জন্য সোলার প্যানেল স্থাপন করা হয়েছে জানিয়ে তানজিলুর রহমান বলেন, আমাদের কাজ চালানোর সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মানুষ উৎসাহ পাবে বলে আশা করছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/১৯৪৫ ঘ.