সুমন মাহবুব, বার্লিন থেকে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
বার্লিন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্র সমুন্নত রাখতে এবং শক্তিশালী করতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জার্মানীর রাজধানী বার্লিনে সোমবার রাতে প্রধানমন্ত্রীর সম্মানে জার্মান-দক্ষিণ এশীয় সংসদীয় গ্র"পের নৈশভোজে তিনি বলেন, "সংসদীয় চর্চা ও গণমাধ্যমকে শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্র সমুন্নত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তাছাড়া নারীর ক্ষমতায়নের পাশাপাশি নির্বাচন কমিশন, মানবাধিকার, দুর্নীতি দমন কমিশনের মতো গণতান্ত্রিক সংস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সেক্ষেত্রে বহুদূর অগ্রসর হয়েছি।"
গণতন্ত্র শক্তিশালীকরণে আরো বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, "আমি বিশ্বাস করি গণতন্ত্রই কেবলমাত্র দেশ ও জনগণের কাক্সিক্ষত উন্নতি করতে পারে। আমি আমার শৈশব থেকেই আমার বাবার রাজনৈতিক জীবন থেকে এই শিক্ষ পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান তার দীর্ঘ রাজনৈতিক জীবনে জনগণের মুক্তি ও স্বাধীনতা এবং আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন।"
গণতন্ত্রকে সমুন্নত রাখতে তার সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে হাসিনা বলেন, "এরআগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জাতীয় সংসদে প্রতি বুধবার প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্ব চালু করেছিলাম। তখন আমি প্রধানমন্ত্রী হিসাবে জাতীয় সংসদের সদস্যদের প্রশ্নের জবাব দিতাম। সাধারণ জনগণের সুবিধার জন্য প্রচার মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রচারের ব্যবস্থাও করা হয়েছিলো।"
"এবার আমাদের চেষ্টা হচ্ছে, মজবুত গণতন্ত্র নিশ্চিত করা। এর প্রথম পদক্ষেপ হিসাবে বর্তমান সংসদের প্রথম অধিবেশনেই মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়েছে।"
গণতন্ত্রকে শক্তিশালী রূপ দিতে দেশে ২২টি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ৩৫২টি দৈনিক কাজ করছে বলেও জানান তিনি।
গণতন্ত্রের জন্য নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, "টেকসই গণতন্ত্রের পূর্ব শর্ত হলো, নারীর ক্ষমতায়ন। জাতীয় জীবনের প্রতিটি কাজে আমরা নারীদের অংশগ্রহণের জন্য উৎসাহ দিচ্ছি। বিশেষ করে তাদের রাজনীতিতে সম্পৃক্ত হতেও উৎসাহিত করা হচ্ছে।"
এ পর্যায়ে তিনি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করার বিষয়টি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, নারীর ক্ষমতায়নের অংশ হিসাবে জাতীয় সংসদে ৬৪ জন মহিলা সাংসদ রয়েছে। যার মধ্যে ১৯জন সরাসরি নির্বাচনে জয়ী হয়েছেন। একজন হুইপ এবং মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দুইজন সভাপতি মহিলা। জাতীয় সংসদের উপনেতা ও বিরোধীদলের নেতাও মহিলা। এ ছাড়া মন্ত্রিসভায় রয়েছেন পাঁচজন মহিলা সদস্য।
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে শনিবার বার্লিন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/পিডি/১৮৫০ ঘ.
bdnews24