২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস কাঞ্চনের কাছে দুঃখপ্রকাশ করলেন নৌমন্ত্রী

শ্রমিক সমাবেশে নিজের উপস্থিতিতে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চনের প্রতি বিষোদগার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক সমাবেশে নিজের উপস্থিতিতে চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চনের প্রতি বিষোদগার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার পাঠানো এক বিবৃতিতে মন্ত্রী এ দুঃখ প্রকাশ করেন। সোমবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে ইলিয়াস কাঞ্চনসহ দেশের সড়কের নিরাপত্তা বিষয়ক আন্দোলনের জড়িতদের প্রতি বিষোদগার করা হয়। সেখানে ইলিয়াস কাঞ্চনের ছবি পায়ে মাড়ানো হয়। শাজাহান খান শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। ওই সমাবেশে শুধু ফিল্ড টেস্ট ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে লাইসেন্স দেওয়ার দাবি জানানো হলে এতে সমর্থন জানান মন্ত্রী। লিখিত পরীক্ষা ছাড়া লাইসেন্সের দাবি মেনে নিতে সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ও বেঁধে হওয়া হয় সমাবেশ থেকে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "২৪ অক্টোবর সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসমাবেশে কিছু অতি উৎসাহী ব্যক্তি কর্তৃক স্বনামধন্য, জননন্দিত ও জনপ্রিয় চিত্রনায়ক এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চনের প্রতি যে ধরণের অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনার অবতারণা করেছে তার জন্য নৌপরিবহনমন্ত্রী আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি ওই ঘটনার নিন্দাও জানিয়েছেন।" বিবৃতিতে মন্ত্রী বলেন, "যারা আমার বা আমাদের ফেডারেশনের নাম ভাঙিয়ে পূর্বানুমতি ছাড়া এ ধরণের হীন কাজ করেছে, তাদের আমি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যেই নির্দেশ দিয়েছি।" "ভবিষ্যতে যেন এ ধরণের ন্যক্কারজনক ঘটনা না ঘটে সেদিকে ফেডারেশন বা আমি আরো সচেষ্ট থাকব।" "আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে, নিরাপদ সড়ক বাস্তবায়নে এবং সড়ক দুর্ঘটনা রোধে আমরা একসাথে কাজ করব।", বিবৃতিতে বলেন মন্ত্রী। গত অগাস্ট মাসে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর অদক্ষ চালকদের গাড়ি চালানোর বিষয়টি গণমাধ্যমে আলোচনায় উঠে আসে। নৌমন্ত্রীর চাপে যোগাযোগ মন্ত্রণালয় অদক্ষ চালকদের পরীক্ষা ছাড়াই লাইসেন্স দিয়েছেন- এমন অভিযোগ সংবিলত খবরও প্রকাশ হয়। তবে নৌ ও যোগাযোগমন্ত্রী দুজনই এ অভিযোগ অস্বীকার করেন। এক পর্যায়ে অদক্ষদের লাইসেন্স দেওয়া হবে না- যোগাযোগমন্ত্রীর কাছ থেকে এমন ঘোষণা দাবি করে অনশনের হুমকি দেন সাংসদ তারানা হালিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮০৪ ঘ.