চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ৮ লাখ ৬০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগর পুলিশের সদরদপ্তরে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তারা হলেন- শেখ আলম (৪২), নুর আলম সিদ্দিক বাবু (২৩) ও নুরুল হক (৫৫)।
গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী সাংবাদিকদের জানান, গত ১৩ সেপ্টেম্বর ঢাকার দক্ষিণখান সায়েদাবাদ এলাকার বাসিন্দা মো. রবিউল আলমকে পরিচিত কাস্টমস কর্মকর্তার কাছ থেকে সুলভ মূল্যে গাড়ি কিনে দেওয়ার কথা বলে চট্টগ্রাম নিয়ে আসেন নুর আলম।
পরে ওইদিন রবিউলকে বন্দরের শেডে রাখা বিভিন্ন মডেলের গাড়ি দেখানো হয়। এর মধ্য থেকে তিনি একটি কালো রঙের এলিয়েন কার পছন্দ করেন।
তিনি বলেন, তখন গাড়িটি ২৫ লাখ টাকা দামে বিক্রির সিদ্ধান্ত হয়। এ সময় রবিউল নগদ ১৪ লাখ টাকা দিয়ে বাকি টাকা লাইসেন্স পাওয়ার পর দেবে বলে জানায়। এরপর গাড়ির চাবি হস্তান্তরের কথা বলে শেখ আলম ও নুরুল হক টাকা নিয়ে বাইরে গিয়ে আর ফিরে না এলে বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানান রবিউল।
পরে ২০ অক্টোবর এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি।
হাছান চৌধুরী জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত দল চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শেখ আলমকে ঢাকার খিলগাঁও থেকে গ্রেপ্তার করে। তার বাসায় তল্লাশি করে উদ্ধার করা হয় পাঁচ লাখ টাকা। তার স্বীকারোক্তি অনুয়ায়ী বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/এএল/১৭৪১ ঘ.
bdnews24