ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান বলেছেন, বর্তমানে বাংলাদেশের ৩০ শতাংশ মানুষ খাবার আগে হাত ধোয়, আগে মাত্র ১৭ শতাংশ ধুতো।
"তবে এখনো মাত্র এক শতাংশ মানুষ সৌচ কাজ করার পরে হাত ধোয়।"
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খাবার আগে এবং পরে, সৌচ কাজ করার পরে হাত ধুলে অনেক জটিল রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "মানুষের মধ্যে এখনো পুরোপুরি সচেতনতা সৃষ্টি হয় নি। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।"
গত ১৫ অক্টোবর ছিলো বিশ্ব হাত ধোয়া দিবস। সাবান দিয়ে হাত ধোয়া এবং এর গুরুত্ব সম্বন্ধে বিশ্বের মানুষকে সচেতন করতে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরআরডি/পিডি/১৭৩৩ ঘ.
bdnews24