চট্টগ্রাম, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবরসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।
নতুন তারিখ নির্ধারণ হয়েছে আগামী ১৪ নভেম্বর।
চট্টগ্রাম মহানগর দায়রা এবং সিনিয়র বিশেষ জজ-১ এর বিচারক জজ এস এম মজিবুর রহমান মঙ্গলবার এই তারিখ নির্ধারণ করেন।
মহানগর পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিপক্ষ মঙ্গলবার সকালে সময় চেয়ে আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে নতুন দিন রেখেছেন।"
শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, "আমরা অভিযোগ গঠনের জন্য প্রস্তুত ছিলাম। তবে আসামি পক্ষের আইনজীবীরা নথি পায়নি উল্লেখ করে সময় প্রার্থনাসহ বিভিন্ন আবেদন করায় বিচারক নতুন তারিখ দিয়েছেন।"
"এরপর আর সময় বাড়ানো হবে না উল্লেখ করে বিচারক এ নতুন তারিখ দেন। ওইদিনই এ মামলার অভিযোগ গঠন হবে।", যোগ করেন কামাল উদ্দিন।
মঙ্গলবার সম্পূরক অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে জাতীয় নিরাপত্তা গায়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন ও চোরাচালানি দীন মোহাম্মদের জামিন আবেদন করা হলেও বিচারক আগামী ১৪ নভেম্বর শুনানি হবে বলে আদেশ দেন।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, এনএসআই'র সাবেক প্রধান মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন, সিইউএফএল'র সাবেক জিএম (প্রশাসন) কে এম এনামুল হকের আইনজীবীরা মামলা থেকে তাদের অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন।
একইসঙ্গে মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর, এনএসআই'র সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবীরা আদালতে সময় চেয়ে আবেদন জানান।
এছাড়া সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবীরা তিনি অসুস্থ দাবি করে ঢাকার কাশিমপুর কারাগার থেকে সড়কপথের পরিবর্তে ট্রেনে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলায় হাজিরার আবেদন জানান। মেজর (অব.) লিয়াকত হোসেনের আইনজীবী সরকারি খরচে এ মামলার সব জবানবন্দি এবং নথি দেওয়ার আবেদনও করেন।
অন্যদিকে এনএসআই'র সাবেক পরিচালক রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ এই মামলার তদন্তে তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে আদালতের সাত নির্দেশনা মানেননি দাবি করে এই মামলায় 'পূর্ণ তদন্ত' দাবি করে আদালতে আবেদন করেন।
আদালত সব শুনানির দিন আগামী ১৪ নভেম্বর নির্ধারণ করেছে বলে সাংবাদিকদের বলেন মহানগর পিপি কামাল উদ্দিন।
শুনানির আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের চট্টগ্রাম মহানগর জজ আদালতে হাজির করা হয়।
মঙ্গলবার আদালতে হাজির করানো আসামিরা হলেন- সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই'র সাবেক দুই প্রধান আবদুর রহিম ও রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক পরিচালক শাহাবুদ্দিন, সাবেক উপ-পরিচালক লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএল'র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন তালুকদার, সাবেক জিএম কে এম এনামুল হক, চোরাচালানি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ।
এছাড়া এ মামলায় সম্পূরক অভিযোগপত্রভুক্ত পলাতক আসামি হলেন- উলফানেতা পরেশ বড়–য়া ও সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। ওই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা করে। তদন্তের পর তৎকালীন তদন্ত কর্মকর্তা একটি অভিযোগপত্র আদালতে জমা দেন।
পরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনে ২০০৮ সালের ১২ ফেব্র"য়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ এন এম বশিরুল¬াহ অধিকতর তদন্তের আদেশ দেন। পুলিশ কর্তৃপক্ষ এই তদন্তের দায়িত্ব দেয় সিআইডির এএসপি ইসমাইল হোসেনকে।
২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আইনজীবীর আরেক আবেদনে আদালত ৭টি পর্যবেক্ষণের ভিত্তিতে অধিকতর তদন্তের আইও পরিবর্তনের আদেশ দেয়।
মনিরুজ্জামান আইও হিসেবে দায়িত্ব নিয়ে ১৩ বার সময় বাড়ানোর পর গত জুনে সম্পূরক অভিযোগপত্র জমা দেন। নিজামী, বাবর এবং এনএসআইয়ের সাবেক দুই প্রধানসহ নতুন ১১ জনের নাম আসামির তালিকায় যোগ করা হয় এতে।
ফলে অস্ত্র আটকের ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় আসামির সংখ্যা বেড়ে দাঁড়য় ৫০ জনে। আর চোরাচালান মামলায় আসামি করা হয় ৫২ জনকে।
এর আগে জমা দেওয়া অভিযোগপত্রে অস্ত্র মামলায় ৪৩ এবং চোরাচালান মামলায় ৪৫ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে চার জন মারা গেলে তাদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়।
মঙ্গলবার দুই মামলাতেই অভিযোগ গঠনের শুনানি শুরু হয় একইসঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/পিডি/১৯২১ ঘ.
bdnews24