চট্টগ্রাম, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২৩ হাজার ১১২ জন পরীক্ষার্থী বেড়েছে।
১ নভেম্বর শুরু হতে যাওয়া এ পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের অধীন ১৮২টি কেন্দ্র থেকে মোট ১ লাখ ২৮ হাজার ১০৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
গত বছর ১ লাখ ৪ হাজার ৯৯২ পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১ হাজার ৫৯ জন।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.পিযূষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "১ নভেম্বর পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।"
পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র ও পরীক্ষা গ্রহণের সব সরঞ্জাম কেন্দ্র সবিচদের বণ্টন করা হচ্ছে।
তিনি বলেন, "দুয়েক দিনের মধ্যে এসব কাজ শেষ হবে।"
পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণের জন্য বোর্ড কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে ১০টি টিম।
পিযূষ দত্ত জানান, এবার চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থী ৯২ হাজার ৭২৫ জন, কক্সবাজারে ১৫ হাজার ৬৮৯ জন, রাঙ্গামাটিতে ৮ হাজার ১২১ জন, খাগড়াছড়িতে ৮ হাজার ৬৬৩ জন এবং বান্দরবানে ২ হাজার ৯০৬ জন।
বেড়েছে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা
জেএসসি পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবারে ছেলের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৪ হজার ৯৬২ জন বেশি।
১ লাখ ২৮ হাজার ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১ হাজার ৫৩৩ জন মেয়ে এবং ৫৬ হাজার ৫৭১ জন ছেলে।
২০১০ সালের জেএসসি পরীক্ষায়ও ছেলের তুলনায় মেয়ে পরীক্ষার্থী এবং পাশের হারও বেশি ছিল।
গত বছর ১ লাখ ৪ হাজার ৯৯২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার মেয়ে এবং ৪৭ হাজার ছেলে শিক্ষার্থী ছিল। ছেলের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার বেশি ছিল।
এর মধ্যে ১ লাখ ১ হাজার ৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছিল ৭১ হাজার ৪ জন। পাশের হার ছিল ৭০ দশমিক ৩ শতাংশ।
মেয়ে পাশ করেছিল ৩৬ হাজার ৫৮৯ জন এবং ছাত্র পাশের সংখ্যা ছিল ৩৪ হাজার ৪১৫ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/১৯৪২ ঘ.
bdnews24