২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেঁজুতির ধর্ষণের মামলা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাইকোর্ট

বরিশালের স্কুলছাত্রী সেঁজুতি ধর্ষণের মামলা নেওয়ার ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের স্কুলছাত্রী সেঁজুতি ধর্ষণের মামলা নেওয়ার ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। একটি মানবাধিকার সংগঠনের আবেদনে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল দেয়। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট সচিব, পুলিশের মহাপরিদর্শক, বরিশালের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বাকেরগঞ্জ থানার ওসিকে এর জবাব দিতে বলা হয়েছে। গত শুক্রবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সেঁজুতি (১৬)। তার পরিবারের অভিযোগ, ধর্ষণের পর সেঁজুতি আত্মহত্যা করেছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বাকেরগঞ্জ থানায় মামলা হলেও তাতে ধর্ষণের অভিযোগ যুক্ত হয়নি। এর ব্যাখ্যা নিয়ে আগামী ১৬ নভেম্বর হাজির হতে বাকেরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছে বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ। একইসঙ্গে ওই আত্মহত্যায় প্ররোচনাদাতাদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চেয়েছে। অন্য এক নির্দেশনায় আদালত আগামী ৭ নভেম্বরের মধ্যে ওই ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে। কমিটিকে ৭ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে। সেঁজুতির মৃত্যু নিয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভূঁইয়া। আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরিশালের ওই ঘটনার পত্রিকায় প্রকাশিত হলে হিউম্যান রাইটসের পক্ষ থেকে রিট আবেদন করা হয়। বাকেগঞ্জের রঘুনাথপুর গ্রামের সৌদি প্রবাসী ছাদেক মৃধার মেয়ে সেঁজুতি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলো। দুটি উপজেলা পাশাপাশি। সেঁজুতির পরিবারের অভিযোগ, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় চাচাত ভাই নয়ন কৌশলে সেঁজুতিকে ঘর থেকে ডেকে নেয়। পরে একই গ্রামের নাসির আকন, শামীম আকন, মো. সবুজ মিয়া, মো. রাজিব ও সাইফুল প্যাদাসহ ছয় জন তাকে পাশের বাগানে ধর্ষণ করে। সেঁজুতির মা হাফিজা বেগম বলেন, এই ঘটনায় তিনি ছয় জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু থানা পুলিশ ধর্ষণের অভিযোগ আমলে নেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৯০০ ঘ.