২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ১০ কর্মকর্তার পদে রদবদল

পাঁচজন যুগ্ম-সচিবসহ জনপ্রশাসনের ১০ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচজন যুগ্ম-সচিবসহ জনপ্রশাসনের ১০ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার এসব রদবদল করা হয়। যুগ্ম-সচিবদের মধ্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের রবীন্দ্র নাথ রায় চৌধুরী ও ডা. একেএম আছাদুজ্জামানকে একই মন্ত্রণালয়ের অধীনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে বদলি করা হয়েছে। একই মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব মুহাম্মদ আব্দুস সামাদকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে সংযুক্ত করা হয়েছে। অর্থ বিভাগের ইজিসিআইএস প্রকল্পের প্রকল্প পরিচালক পদে নিয়োজিত যুগ্ম-সচিব ইনতাজ আলীকে ওএসডি করা হয়েছে। ওএসডি যুগ্ম-সচিব খলিলুর রহমান মিয়াকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পদে প্রেষণে নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে। চলতি বছরের ৭ ফেব্র"য়ারি তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। উপসচিবদের মধ্যে চট্টগ্রাম ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক পদে প্রেষণে কর্মরত তাহেরা ফেরদৌস বেগমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব এবং পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর পরিচালক মোসাম্মৎ আছিয়া খাতুনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এসএম আলম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কিশোরগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর আলম সিদ্দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৮৫৬ ঘ.