সুমন মাহবুব
, বার্লিন থেকে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
বার্লিন, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের 'কেন্দ্রবিন্দু' উল্লেখ করে বিনিয়োগে এগিয়ে আসার জন্য জার্মান ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বার্লিনের এডলন হোটেলে জার্মান চেম্বার অব কমার্স আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, "গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।"
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সফরে শনিবার বার্লিন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৫ অক্টোবর জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তিনি। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করবেন দুই নেতা।
বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধির (জিডিপি) চিত্র তুলে ধরে শেখ হাসিনা বলেন, "বিশ্ব অর্থনীতিতে মন্দার মধ্যেও বাংলাদেশ ৬ শতাংশ হারে জিডিপি বজায় রেখেছে। গত অর্থবছরে জিডিপি অর্জনের হার ছিলো ৬ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থ বছরের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। এটিকে ৮ শতাংশে উন্নীত করার জন্যও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনায়।"
বাংলাদেশে রপ্তানি খাতে 'প্রাণবন্ত' অবস্থা বিরাজ করছে- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে রপ্তানি আয় ২০ শতাংশ বেড়েছে, শুধু গত বছরই বেড়েছে ৪১ শতাংশ। গত মন্দার কারণে রেমিটেন্স প্রবাহে তেমন কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের জন্য বাংলাদেশকে সবচে উদার ও উপযুক্ত দেশ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারতের সীমান্ত, পাশেই চীন। তাছাড়া নেপাল, ভুটান, মিয়ানমার এবং দক্ষিণপশ্চিম এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ সুবিধার কারণে বাংলাদেশ এ অঞ্চলের ৩০০ কোটি মানুষের বাজারের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।"
জার্মান ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী জানান, "বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পর শতভাগ মুনাফা ও মূলধন নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তাছাড়া অনেক ক্ষেত্রেই বিনিয়োগকারীরা কর অব্যাহতির সুযোগ পেয়ে আসছেন।"
বাংলাদেশে সস্তা শ্রমমবাজারের বিষয়টিও তিনি জার্মান বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী সেমিনারে জানান, বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনার কারণে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স তাদের 'নেক্সট ইলেভেন' তালিকায় বাংলাদেশের নাম উল্লেখ করেছে। পাশাপাশি একই ধরনের প্রতিষ্ঠান জে পি মরগানের 'ফ্রন্টিয়ার ফাইভ' তালিকাতেও রয়েছে বাংলাদেশ।
"গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের আউটসোর্সিয়ের সেরা ৩০ এর তালিকাতেও আমরা রয়েছি।"
আমদানি-রপ্তানির সুবিধার কথা বিবেচনা করে সরকার গভীর সমুদ্রবন্দর তৈরির পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, "এর বাইরে আরেকটি বিমানবন্দর নির্মাণেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।"
প্রযুক্তিখাতে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে সেমিনারে তিনি বলেন, সারাদেশকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হয়েছে। দেশের ৭ কোটি মানুষ ব্যবহার করছে মোবাইলফোন, এই সংখ্যা প্রতিবছরই বাড়ছে।"
এসব ইতিবাচক দিক বিবেচনা করে জার্মান ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "বাংলাদেশে আসুন এবং আমার বাবা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণে আমাদের সহায়তা করুন।"
বাংলাদেশে চামড়াজাত পণ্য প্রস্তুতকারক জার্মান কোম্পানি পিকার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস পিকার্ড তার স্বদেশী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, "আমরা ২০জন কর্মচারী নিয়ে বাংলাদেশে আমাদের কারখানার কাজ শুরু করি। তখন চীন, তিউনেশিয়া ও জার্মানিতে আমাদের কারখানা পুরোদমে চলছিলো। এখন ১২ শ' কর্মচারী নিয়ে আমাদের সবচেয়ে বড় কারখানাটি বাংলাদেশেই।"
'অনেকেই বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য দেয়' উল্লেখ করে এই জার্মান ব্যবসায়ী বলেন, "বাংলাদেশের শ্রমিকরা কাজ শিখতে খুবই আগ্রহী। তারা তাদের নিজেদের মতো করে উদ্ভাবনী পদ্ধতির প্রয়োগ করে।"
জার্মান চেম্বার ফেডারেশনের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের ব্যবস্থাপনা পরিচালক ভোলকার ত্রিয়েরও একই রকম মত প্রকাশ করেন।
তিনি বলেন, "১৬ কোটি জনসংখ্যার এই দেশের দিকে আমাদের নজর দেওয়া দরকার। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা করার প্রচুর সুযোগ আছে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। সব ধরনের ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে হবে- তারা যেনো বাংলাদেশে বিনিয়োগ করেন।"
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি এ কে আজাদও বাংলাদেশে বিনিয়োগের যৌক্তিকতা তুলে ধরেন জার্মান ব্যবসায়ীদের কাছে।
বাংলাদেশ-জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশকে বিনিয়োগকারীদের জন্য 'এশিয়াজ ওয়েল কেপ্ট সিক্রেট' হিসাবে উল্লেখ করে এই সুযোগ কাজে লাগানোর আহবান জানান।
বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এই সেমিনারে বাংলাদেশের ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঞ্চালনায় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল, জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং জার্মানির শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/১৬৪০ ঘ.
bdnews24