২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলা: বাতিল আবেদনের শুনানি বৃহস্পতিবার

খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলে রুলের শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর তারিখ ধার্য করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলে রুলের শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর তারিখ ধার্য করেছে হাইকোর্ট। সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ রুলটি শুনানির জন্য এ তারিখ নির্ধারণ করে। ওই দিন রুলটি শুনানির জন্য কার্য তালিকায় আসবে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে খুরশীদ আলম খান শুনানির জন্য আবেদন আদালতে উপস্থাপন করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও আদালতে উপস্থিত ছিলেন। মামলাটি বাতিলে খালেদা ও তার বড় ছেলে তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৫ অক্টোবর ওই মামলা কেন বাতিল হবে না- জানতে চেয়ে সরকার ও দুর্নীতি দমন কমিশনের প্রতি রুল জারি করে হাইকোর্ট । ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সাত জনের বিরুদ্ধে রমনা থানায় এই মামলাটি দায়ের করে দুদক। অন্য আসামিরা হলেন- মোমিনুর রহমান, কাজী সালিমুল হক, সারফুদ্দিন আহমেদ, সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদ। অবশ্য ২০০৯ সালের ৫ আগস্ট দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ খালেদা জিয়া, তারেক রহমান, মোমিনুর রহমান, কাজী সলিমুল হক, সরফুদ্দিন আহমেদ ও ড. কামাল উদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। একই সঙ্গে সৈয়দ আহমেদ ও গিয়াসউদ্দিন আহমেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। তবে এর আগে ২০০৮ সালের ২৬ আগস্ট খালেদাকে এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্টেও তা বহাল থাকে। খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের আদেশের কারণে অধস্তন আদালতে মামলাটির বিচার কাজ শুরু হচ্ছে না। এই কারণে শুনানির আবেদন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৪৩১ ঘ.