ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁওয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার দুপুর ১২টার দিকে তেঁজকুনী পাড়ায় গীর্জার পাশে এক সবজি ক্ষেত থেকে মোহাম্মদ হোসেনের (২৪) লাশ উদ্ধার করে স্বজনরা নিয়ে যায়।
পরে পুলিশ খবর পেয়ে হোসেনের তেজগাঁও রেলওয়ে বস্তির বাসা থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন ঢামেক মর্গে সাংবাদিকদের বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
হোসেনের স্বজনরা সাংবাদিকদের জানান, রিকশাচালক হোসেন শনিবার রিকশা নিয়ে বাসা থেকে বের হয়। পরে তার লাশ রোববার দুপুরে সবজি ক্ষেত থেকে উদ্ধার করা হয়।
হোসেনের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার কাঁচাকান্দিতে। হোসেন মাদকাসক্ত ছিলো বলে তার পরিবার জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮২৪ ঘ.
bdnews24