ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব ও উপসচিব পর্যায়ের ৪৭ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে রোববার এসব রদবদল করা হয়। এদের মধ্যে অনেককেই নতুন পদায়ন করা হয়েছে।
রদবদল হওয়া কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত সচিব, ১৮ জন যুগ্ম-সচিব এবং ১৭ জন উপসচিব।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইউনুসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একই পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব এএস শামীম আহমেদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত মাইন উদ্দিন খন্দকারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে; ওএসডি কেএম মোজাম্মেল হককে স্থানীয় সরকার বিভাগ এবং অমলেন্দু মুখার্জীকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিককে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব হাসানকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ওএসডি অতিরিক্ত সচিব ড. সেলিনা আফরোজা জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) মহাপরিচালক, জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক, এএম বদরুদ্দোজা ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) নির্বাহী পরিচালক এবং বেগম শাহীন খান স্পারসো'র চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
যুগ্ম-সচিবদের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) পরিচালক কাজী সালাউদ্দিন আকবরকে শিক্ষা মন্ত্রণালয়ে; শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খন্দকার রাকিবুর রহমান এবং চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক মনসুর আলী সিকদারকে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব মেসকাত আহমেদ চৌধুরীকে সমাজকল্যাণ মন্ত্রণালয়; ওএন সিদ্দিকা খানম ও এনামুল হককে পরিকল্পনা বিভাগে; শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত এএস মাহমুদকে একই মন্ত্রণালয়ে এবং বিজনেস প্রমোশন কাউন্সিলের সমন্বয়ক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত কামরুন নাহার আহমেদকে ব্যাংক ও আথির্ক প্রতিষ্ঠান বিভাগে যুগ্ম-সচিব পদে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত যুগ্ম-সচিব মোহাম্মদ মঞ্জুর ই ইলাহীকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মজিবুর রহমানকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য, শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুর রাজ্জাককে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) পরিচালক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক রফিকুল আলমকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক, বিআইডব্লিউটিসি'র পরিচালক রফিকুল ইসলামকে চারটি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক হোসনে আরা বেগমকে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস (মেম্বার ডাইরেক্টিং স্টাফ) নিয়োগ করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব মশিউর রহমানকে ইসি সাহায্যপুষ্ট স্কুল ফিডিং প্রকল্পের প্রকল্প পরিচালক, মোহাম্মদ আব্দুল কাদিরকে খাদ্য মন্ত্রণালয়ের 'কনস্ট্রাকশন অব ০.৮৪ লাখ মেট্রিক টন ক্যাপাসিটি নিউ ফুড গোডাউনস' প্রকল্পের প্রকল্প পরিচালক, আনোয়ারা বেগমকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব নূর উদ্দিন আহমেদকে সাভারে বিপিএটিসি' এমডিএস পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব জগদীশ চন্দ্র বিশ্বাসকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মিজানুর রহমানকে ভূমি মন্ত্রণালয়, শেফাউল করিমকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, এএম সাইফুল হাসানকে সড়ক বিভাগে, জাহাঙ্গীর হোসেন চৌধুরীকে পরিসংখ্যান বিভাগে, আব্দুল কাইয়ুম সর্দারকে জাতীয় সংসদ সচিবালয়ে, জুবায়েদুর রহমানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এবং জাবেদ আহমেদ ও মনজুর হাসান ভূঞাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব কাজী মনোয়ার হোসেনকে ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালক, সরদার মো. শোয়েবকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেট-পাবলিক পার্টনারশীপ (পিপিপি) অফিসের উপ-ব্যবস্থাপক, আবুল কালাম আজাদকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের (স্থবক) পরিচালক, হান্নান মিয়াকে বিআরটিসি'র মহাব্যবস্থাপক (জিএম) এবং নূরুন নাহার হেনাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক পদে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল মান্নান ইলিয়াসকে জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব, রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য আলতাফ হোসেনকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ নাসির উদ্দিনকে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমীর পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদারকে ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে। এজন্য তিনি কোন বাড়তি বা বকেয়া সুযোগ-সুবিধা পাবেন না। তবে এ সিদ্ধান্ত চাকরির জ্যেষ্ঠতা ও বেতন নির্ধারণের ক্ষেত্রে গণ্য হবে।
এছাড়া পঞ্চম সিলেকশন গ্রেড পদে চাকরি আট বছর পূর্ণ হওয়ায় বিভিন্ন পর্যায়ের ৪২ জন কর্মকর্তাকে চতুর্থ সিলেকশন গ্রেড মঞ্জুর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭১৬ ঘ.
bdnews24