সিরাজগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কুল ছাত্রীকে উত্ত্যক্ততার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার উপজেলার জালালপুর ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন এ আদেশ দেন।
দণ্ডিত মো. রিপন (১৮) ইউনিয়নের রূপসী পশ্চিমপাড়া মহল্লার জয়নাল আবেদীনের ছেলে।
এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থল পাকরাশি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে রিপন প্রায়ই উত্ত্যক্ত করত। এ ব্যাপারে ছাত্রীটির বাবা কয়েকদিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ জানান।
এতে রিপন ক্ষিপ্ত হয়ে সকালে স্কুলে যাওয়ার সময় পথ আটকে সহপাঠীদের সামনে ওই ছাত্রীকে প্রথমে গালিগালাজ করে। এক পর্যায়ে ছাত্রীর গালে থাপ্পর দেয়। এ সময় ছাত্রী ও তার সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন রিপনকে আটক করে থানায় খবর দেয়।
দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩২ ঘ.
bdnews24