২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ রনিকে দল থেকে বহিষ্কারের দাবি

ক্ষমতাসীন দলের আলোচিত সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে বহিষ্কারের দাবি জানিয়েছে তার এলাকা গলাচিপার আওয়ামী লীগ নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

পটুয়াখালী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের আলোচিত সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে বহিষ্কারের দাবি জানিয়েছে তার এলাকা গলাচিপার আওয়ামী লীগ নেতারা। শনিবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেষ্ঠ্য সহ-সভাপতি সন্তোষ কুমার দে বলেন, "রনির সংগঠনবিরোধী কার্যক্রমের বিষয় আমরা প্রধানমন্ত্রীকে লিখিতভাবে জানাবো। তাকে দল থেকে বহিষ্কার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।" গত সোমবার রনি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে বলেন, একবার চীন সফরে দলীয় প্রধানের ইচ্ছায় ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী ও সৈয়দ আবুল হোসেন একটি লেকের পাড়ে পার্কে সৌখিন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। বাঁশিতে ফুঁ দিয়ে শেখ হাসিনা ওই দৌড় পরিচালনা করেন। ৪৪ বছর বয়সী রনি ওই টিভিকে বলেন, ওই দৌড়ে জিতেই দলীয় প্রধানের প্রতিশ্র"তি অনুযায়ী যোগাযোগমন্ত্রী হন সৈয়দ আবুল হোসেন। রনির বক্তব্য নিয়ে ফেইসবুক ও ব্লগে আলোচনার ঝড় ওঠে। এ নিয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে আলোচনা হলে বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রীকে রনি জানান, সৈয়দ আবুল হোসেনের 'দৌড়ে মন্ত্রিত্ব পাওয়ার' গল্প আরেকজনের কাছে শুনেছিলেন তিনি। সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী খ ম জাহাঙ্গীর সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান প্যাঁদা, সাংগাঠনিক সম্পাদক সর্দার শাহ আলম এবং পৌর মেয়র ওহাব খলিফা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করারও দাবি জানান তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/আরএ/১৭০৯ ঘ.