মৌলভীবাজার, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুক্রবার বন্য শূকরের আক্রমণে পাঁচজন আহত হয়েছেন। পরে এলাকার লোকজন শূকরটিকে পিটিয়ে হত্যা করে।
পাহাড়ি বাদে উবাহাটা গ্রামে এ ঘটনায় আহত হন এলাকার হরমুছ আলি (৪০), সুরুজ মিয়া (১৮), খলিল মিয়া (৩০), করিম মিয়া (৩৫) ও হযরত আলী (৩৫) ।
গ্রামের আজাদ মিয়া সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬টার দিকে বনবিভাগের কালাছড়া বিটের সংরক্ষিত বন থেকে প্রায় ৪ ফুট লম্বা একটি বন্য শূকর বাদে উবাহাটা গ্রামে তার ঘরে ঢুকে পড়ে।
বাড়ির লোকজন শূকরটিকে মারতে গেলেই ওটি আক্রমণ চালায়। এ সময় নখের আঁচড়ে ও কামড়ে পাঁচজন আহত হয়।
পরে আরো লোকজন এসে শূকরটিকে পিটিয়ে হত্যা করে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌরমনি সিংহ জানান, আহতদের প্রথমে কমলগঞ্জ হাসপাতাল ও মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরে অবস্থার অবনতি হলে হযরত আলী ছাড়া বাকি চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৭ ঘ.
bdnews24