শেরপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়িতে হাত বোমা ও দেশি অস্ত্র উদ্ধারের মামলায় আরো তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর শহর থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার কালাকুমা গ্রামের আব্দুল জব্বার (৩৫), পলাশিয়া গ্রামের মিস্টার আলী (২৫) ও রামচন্দ্রকোণা গ্রামের মোক্তার আলী (৪০)।
এ নিয়ে এ মামলার চার আসামি গ্রেপ্তার হলো।
এর আগে ১২ অক্টোবর নালিতাবাড়ির কাকড়কান্দি পলাশিয়া গ্রামের প্রয়াত হোসেন আলীর স্ত্রী আফরোজা (৪৫) গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন।
গত ১২ অক্টোবর নালিতাবাড়ির কাকড়কান্দি পলাশিয়া গ্রামের প্রয়াত হোসেন আলীর বাড়ি থেকে ১০টি হাত বোমা, একটি কিরিচ ও একটি বড় ছোরা উদ্ধার করে নালিতাবড়ি থানা পুলিশ।
শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান জানান, গত ১২ অক্টোবর হোসেন আলীর বাড়ি থেকে বোমা ও দেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় নালিতাবাড়ি থানায় অস্ত্র আইনে ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দু'টি মামলা দায়ের করে পুলিশ।
গাজীপুর সদর থানা পুলিশের সহায়তায় এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও রাহাজানিসহ একাধিক মামলা রয়েছে।
তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24