চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকা নেওয়ার পাঁচ বছরেও প্লট হস্তান্তর না করার অভিযোগ এনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিয়েছে গ্রাহকরা।
প্লট মালিকদের সংগঠন 'লেকসিটি হাউজিং সোসাইটি মালিক সমিতি' শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেয়।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক আফাজ উল্লাহ চৌধুরী বলেন, "নগরীর খুলশী থানার কৈবল্যধাম এলাকায় সিসিসি লেকসিটি হাউজিং সোসাইটির জমি বরাদ্দের জন্য আবেদন আহ্বান করে ২০০৬ সালের ২৪ এপ্রিল, ৪ ও ৩০ মে, ১১ জুন এবং ১৭ নভেম্বর জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে।"
প্রতি কাঠার মূল্য ছয় লাখ টাকা ধরে প্রতি প্লটের দাম রাখা হয় ১৫ লাখ টাকা। জমি বরাদ্দের জন্য পাঁচশ ৪৭ জন প্লটগ্রহীতা প্রথম কিস্তিতে পে-অর্ডারে সিসিসি বরাবর ৮ লাখ টাকা জমা দেওয়া হয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এক বছরের মধ্যে তাদের প্লট বুঝিয়ে দেওয়ার কথা ছিল।
আফাজ উল্লাহ বলেন, "এর প্রেক্ষিতে ২০ ও ২৩ জুলাই ২০০৯ সালে পত্রিকায় আরেকটি বিজ্ঞাপনের মাধ্যমে বাকি সাত লাখ টাকা জমা না করলে বরাদ্দপ্রাপ্ত প্লট বাতিল করা হবে বলে জানানো হয়।"
"২০০৯ সালের ৩০ জুলাইয়ের মধ্যে বাকি সাত লাখ টাকা জমা দিলেও এখনো পর্যন্ত সিসিসি'র পক্ষ থেকে প্লট বুঝিয়ে দেওয়া হয়নি।", অভিযোগ করেন আফাজ।
বর্তমান মেয়র মনজুর আলমের সঙ্গে একাধিকবার অনুরোধ করা হলেও তিনি এখনো পর্যন্ত প্লট বরাদ্দের ব্যাপারে কোনো আশ্বাস দিতে পারেননি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সিসিসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে 'লেকসিটি হাউজিং প্রকল্প' বাস্তবায়ন করে শিগগির বরাদ্দ পাওয়াদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
"নইলে সিসিসি ভবন ঘেরাওসহ আন্দোলন কর্মসূচি দেওয়া হবে," বলেন সমিতির সাধারণ সম্পাদক আফাজ উল্লাহ।
গ্রাহকদের অভিযোগ বিষয়ে কথা বলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সিটি মেয়র এম মনজুর আলমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
ওই প্রকল্পের বিজ্ঞপ্তি প্রকাশের সময় চট্টগ্রামের মেয়র ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি একেএম মুজিবুল হক, সহ-সভাপতি সালামত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/১৮৪৬ ঘ.
bdnews24