সিলেট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে মদন মোহন কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী আল-মামুন শিহাবের মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা।
শনিবার দুপুরে লামাবাজার এলাকায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরাও অংশ নেয়।
মঙ্গলবার জিন্দাবাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে আল মামুন (১৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ছাত্রলীগ এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছে।
কর্মী মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায়। এর প্রতিবাদে ব্যবসায়ীরা বুধবার দুুপুরে নগরীতে ধর্মঘটও করে।
মামুন মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। এ ঘটনায় নিহতের বন্ধু শরীফুল ইসলাম রনি বাদি হয়ে ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করেছেন।
মানবন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মদন মোহন কলেজের অধ্যক্ষ কৃপাসিন্ধু পাল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৫৫১ ঘ.
bdnews24