পটুয়াখালী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামী লীগ এবং স্থানীয় সাংসদ গোলাম মাওলা রনির সমর্থকরা একই স্থানে সভা ডাকার পর পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পটুয়াখালীর জেলা প্রশাসক গোলাম মো. হাসিবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত গলাচিপা পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।
"আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে", বলেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এবং সংসদ সদস্য গোলাম মাওলা রনির সমর্থকরা শনিবার বেলা ১১টায় স্থানীয় পৌর মঞ্চে আলাদাভাবে সভা ডাকে।
এ নিয়ে বিবাদমান পক্ষ দুটির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন সকাল থেকে পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে। ভোর ৬টায় মাইকিং করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১২২০ ঘ.
bdnews24