ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রবীণ আলোকচিত্রী রশীদ তালুকদার।
তার মেয়ে সোনিয়া রশীদ শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর বুধবার বিকেল থেকে স্কয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।
প্রথম বাংলাদেশী হিসেবে আর্ন্তজাতিক 'পাইওনিয়ার ফটোগ্রফার অ্যাওয়ার্ড-২০১০' পুরস্কার লাভ করেন তিনি। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির একটি কর্মসূচির আওতায় প্রতিবছর বিশ্বের একজন সেরা ফটো সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়।
সোনিয়া বলেন, মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে গত ১১ সেপ্টেম্বর স্কায়ার হাসপাতালে তার অপারেশন হয়। এর কিছু দিন পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন তিনি।
"অনেক সময় পরিবারের সদস্যদের চিনতে পারতেন না। অযথাই অনেককে বকাবকি করতেন।"
মেয়ে জানান, ১৪ অক্টোবর তার বাবাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
"বুধবার বিকেল থেকেই বাবাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। ডাক্তাররা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করার কথা বলেছেন। তবে তারা আমাদের কোনো আশার কথা বলতে পারেননি", বলেন সোনিয়া।
স্কয়ার হাসপাতালের একজন নিউরোসর্জনের অধীনে রশীদ তালুকদার চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে তিনি বলেন, লাইফ সাপোর্ট দেওয়া অবস্থায়ই বৃহস্পতিবার বিকেল মস্তিস্কে আরেক দফা অপারেশন করা হয়েছে।
তিন মাস আগে যুক্তরাষ্ট্রে মেয়ের বাসায় বেড়াতে যান রশীদ তালুকদার। সেখানে বাথরুমে পড়ে গিয়ে সামান্য আঘাত পেলেও তখন কোনো সমস্যা হয়নি বলে জানান সোনিয়া।
গত ৬ সেপ্টেম্বর দেশে ফেরেন রশীদ। এরপর অসুস্থ হয়ে পড়লে গত ১১ সেপ্টেম্বর স্কয়ার হাসপাতালে তার অপারেশন হয়।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ মুক্তিযুদ্ধের অসংখ্য ছবি তুলেছেন এই আলোকচিত্রী সাংবাদিক। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকা শহরে গণহত্যার অসংখ্য ছবি ক্যামেরাবন্দি করেন তিনি।
১৯৬২ সালে দৈনিক সংবাদে আলোকচিত্রী হিসেবে যোগ দেন রশীদ তালুকদার। সেখানে একযুগ কাজ করে ১৯৭৫ সালে যোগ দেন দৈনিক ইত্তেফাক পত্রিকায়।
দৈনিক ইত্তেফাকে টানা ২৯ বছর চাকরি করে ২০০৭ সালে অবসরে যান তিনি। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গেই তিনি সময় কাটাচ্ছিলেন বলে জানান তার মেয়ে।
পাইওনিয়ার ফটোগ্রফার অ্যাওয়ার্ড বিজয়ী রশীদ তালুকদারের কাজের মূল অংশ ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি।
তিনি জাপান ফটোগ্রাফিক সোসাইটি ও আশাহি সিমবুন থেকে সেরা আলোকচিত্রীর পুরস্কার, ইউনেস্কো, থাইল্যান্ড ও বিপিএস স্বর্ণপদকসহ দেশি-বিদেশি ৭৫টি পুরস্কার পান।
তিনি বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি।
১৯৩৯ সালের ২৪ অক্টোবর ভারতের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন রশীদ তালুকদার। বাবার চাকরিসূত্রে ছয় বছর বয়সেই তিনি রাজশাহীর 'স্টার স্টুডিও'তে ছবি তোলার কাজ শুরু করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/বিএম/জিএনএ/২২০০ ঘ.
bdnews24