গাজীপুর, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোনকে হত্যার অভিযোগে তিন সহোদরের বিরুদ্ধে মামলা করেছেন তাদের বাবা।
শুক্রবার বিকালে জয়দেবপুর থানায় মামলাটি করেন সালেহ আহাম্মদ খান।
মঙ্গলবার রাতে গাজীপুর সদরের পূবাইলের বাড়ইবাড়ি এলাকায় নিহত হন ডলি বেগম (৩৫)।
আসামিরা হলেন ডলির বড়ভাই হুমায়ুন খান, শ্যামল খান ও মাসুদ খান। তারা সবাই পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, ডলির বিয়ে হয় ময়মনসিংহ জেলায়। স্বামীর সঙ্গে মতানৈক্য হওয়ায় বছর খানেক আগে ডলি বাবার বাড়ি চলে আসেন।
কিছুদিন থেকে বড় ভাইদের সঙ্গে ডলির জমিজমা নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ডলিকে নিজ ঘরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরদিন সকালে বিছানায় তার লাশ পাওয়া যায়।
নিহতের মাথা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় পেটিকোটের ফিতা পেঁচানো ছিল।
লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৩ ঘ.
bdnews24