২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১, একে-৪৭ রাইফেল উদ্ধার

খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 04:36 PM

খাগড়াছড়ি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি লক্ষ্মীছড়িতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। ওই স্থান থেকে এক জনকে আটক এবং একটি একে-৪৭ রাইফেল উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব। শুক্রবার ভোররাতে জুর্গাছড়ি এলাকায় র‌্যাব-৭ এর অভিযানের সময় ওই 'বন্দুকযুদ্ধ' হয় বলে জানিয়েছে পুলিশ। লক্ষ্মীছড়ি থানার ওসি মো. কামরুল আহসান সাংবাদিকদের বলেন, "নিহতের লাশ আমাদের হেফাজতে রয়েছে।" বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে লক্ষ্মী রঞ্জন চাকমা (২০) নামে এক জনকে আটক এবং একটি একে-৪৭, দুটি পিস্তল উদ্ধার উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। লক্ষ্মী রঞ্জন খাগড়াছড়ির মাটিরাঙ্গার বড়ইতলি এলাকার মৃত বাঙ্গালি চাকমার ছেলে। দুপুরে র‌্যাব-৭ এর চট্টগ্রাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলা হয়, 'বন্দুকযদ্ধে'র স্থান থেকে একে- ৪৭ রাইফেল ছাড়াও তিনটি এক নলা বন্দুক, দুটি পিস্তল, ৪২ রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল ফোন সেট, একটি দা, একটি সোলার চার্জার, একটি ব্যাটারি, একটি ওয়ারলেস সেট, জলপাই রঙের পাঁচটি উর্দি, একটি রাইফেল কাভার ও সাতটি বেল্ট পাওয়া গেছে। এছাড়া পাহাড়িদের সংগ্রাম বিষয়ক তিনটি বই ও 'অসা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখুন' লেখা চাঁদা আদায়ের একটি রশিদ উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়। র‌্যাব কর্মকর্তা নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৪টার দিকে র‌্যাবের দলটি জুর্গাছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় যায়। এসময় সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। র‌্যাব জানায়, গুলিবিদ্ধ হয়ে এক জন মারা গেলে অন্য সন্ত্রাসীরা টিকতে না পেরে পালাতে শুরু করে। 'বন্দুকযুদ্ধে' নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় পুলিশ বলছে, জুর্গাছড়ি এলাকায় 'বোরখা পার্টি' নামে পরিচিত পাহাড়ি একটি সন্ত্রাসী দলের তৎপরতা রয়েছে। তাদের সঙ্গেই র‌্যাবের বন্দুকযুদ্ধ হয়। এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব কর্মকর্তা হুদা বলেন, সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএম/এমআই/১৬৫০ ঘ.